কেউ শিয়ালদহ স্টেশনে গোটা রাত কাটিয়েছেন, কেউ আবার ভোট ৩টে বা ৪টে থেকেই লাইনে দাঁড়িয়ে। কারণ? শিয়ালদহ মেট্রোর প্রথম সফরের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার ইচ্ছা। আজ, বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে হয় সব প্রতীক্ষার অবসান। ওই সময় ছাড়ে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম যাত্রীবাহী মেট্রো। এই মুহূর্তকে ঐতিহাসিক বলেই মনে করছেন যাত্রীরা।
গত সোমবার শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো নিয়ে তৈরি হয় এক বিতর্ক। এরই মাঝে জানা যায় যে আজ, বৃহস্পতিবার থেকেই যাত্রী পরিষেবা শুরু হবে শিয়ালদহ মেট্রোর। এদিন এই স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৫৫ মিনিটে আর সেক্টর ফাইভ থেকে প্রথম শিয়ালদহমুখী মেট্রো ছাড়ে সকাল ৭টায়। সেক্টর ফাইভমুখী মেট্রোতে ১৭৫ জন যাত্রী ছিলেন।
এই মেট্রোর প্রথম যাত্রী ছিলেন বেলঘরিয়ার বাসিন্দা পেশায় স্কুলশিক্ষক প্রভাতকুমার চট্টোপাধ্যায়। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য বুধবার গোটা রাতটাই তিনি কাটিয়েছেন শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ মেট্রোর প্রথম যাত্রী হওয়াকে অনেক দিনের স্বপ্নপূরণের সামিল হিসাবেই দেখছেন তিনি। এদিন মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে গোলাপ ফুল দিয়ে যাত্রীদের অভ্যর্থনা জানানো হয়। প্রথম মেট্রোর মোটরম্যান বা চালক জয়দীপ ঘোষও অত্যন্ত খুশি।
শিয়ালদহ থেকে এবার সেক্টর ফাইভ যাওয়া এবার আরও সুবিধা হয়ে গেল। এই দীর্ঘ যাত্রাপথ এবার অতিক্রম করা যাবে মাত্র ২১ মিনিটেই। সোম থেকে শনি পর্যন্ত চলবে এই মেট্রো রুট। রবিবার এই রুট সম্পূর্ণ বন্ধ। পূর্ব ও পশ্চিমমুখী মিলিয়ে ৫০টি করে মোট ১০০টি মেট্রো চলবে এই শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো রুটে।






