‘২৪-এ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, দেশে একটাই রাজনৈতিক দল থাকবে, তা হল তৃণমূল’, একুশের মঞ্চ থেকে হুঙ্কার শানালেন মমতা

বাংলায় তৃতীয়বার ক্ষমতা প্রতিষ্ঠার পর যে তৃণমূলের লক্ষ্য দিল্লির মসনদ, তা আর কারোর জানতে বাকি নেই। সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছে ঘাসফুল শিবির। আর আজ একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েও সেরকমই ইঙ্গিত দিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ জোর গলায় তিনি বললেন যে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

এদিক একুশের মঞ্চ থেকে নিজের চেনা ছন্দেই বিজেপিকে একের পর এক ইস্যু নিয়ে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে জিএসটি, গ্যাসের দাম বৃদ্ধি, বেকারত্ব, নানান বিষয়। এদিন মমতা বলেন, “২০২৪-এর নির্বাচন কাউকে বেছে দেওয়ার নয়, ২০২৪ নির্বাচন বিজেপিকে উৎখাত করার। ২০২৪-এর নির্বাচন ইলেকশন নয়, রিজেকশনের নির্বাচন”। 

তৃণমূল নেত্রী দাবী করেন যে ২০২৪ লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি। আর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেই বাকিরা একত্রিত হয়ে যাবে। অর্থাৎ, মমতা এদিন বুঝিয়ে দিলেন যে ২০২৪ সালে দিল্লিতে বিরোধীরাই বিকল্প সরকার গঠন করবে। আর এতে তৃণমূলের গুরুত্ব থাকবে অন্য।

এদিন মমতা দলের কর্মীদের টাস্ক দিয়ে দিয়ে বলেন, “লোকসভা নির্বাচনে বাংলার সব আসনে জিততে হবে। আর শুধু এখানে নয়, ত্রিপুরায় জিততে হবে, অসমে জিততে হবে, মেঘালয়ে জিততে হবে, বিহারে জিততে হবে, উত্তরপ্রদেশেও জিততে হবে। আমরা নিজেরা লড়ব। আমাদের নিজেদেরও লড়তে হবে। জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক”।

আগামী দিনে যে তৃণমূল গোটা দেশে ছড়িয়ে পড়তে চলেছে, সেই ইঙ্গিতও এদিন একুশের মঞ্চ থেকে দিয়ে গেলেন তৃণমূল নেত্রী। বেশ স্পষ্ট ভাষাতেই মমতা এদিন বলেন, “আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। হুঁশিয়ার থেকে লড়াই করতে হবে। আপনি যত হুঁশিয়ার হবেন, বিজেপি তত পিছু হটবে। ওরা অহংকারী হোক, আমরা মানবিক হব। আমি চাই ভারতবর্ষে একটাই আদর্শ পার্টি থাকুক যার নাম তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষে একটাই হিম্মতদার দল থাকুক, সেটা তৃণমূল কংগ্রেস”।

আরও অন্যান্য খবর