গত ২৮ জুলাই, বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান মাঝ আকাশে আগুন লেগে রাজস্থানের একটি বালুকাময় জায়গায় ভেঙে পরে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যুদ্ধবিমানের দুই পাইলট শহীদ হন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন ওই বিমানে মাঝ আকাশেই আগুন লেগে যায়। এমতাবস্থায় ওই জ্বলন্ত বিমানটি যদি রাজস্থানের বারমেরের ভিমদা গ্রামের মধ্যে পড়তো তাহলে প্রায় ২৫০০ মানুষ বিপদের সম্মুখীন হতো। জানা যাচ্ছে, আগুন লাগার পর দু’জন পাইলটই সেটিকে একটি বালুকাময় জায়গার দিকে নিয়ে গিয়েছিলেন।
বায়ুসেনা সূত্রে খবর, উইং কমান্ডার মোহিত রানা এবং ফ্লাইট লেফটেন্যান্ট অদ্বিতীয় বল, এই বিমানটি ওড়াচ্ছিলেন। তাঁরা নিজেদের জীবন বিপন্ন করেই জ্বলন্ত বিমানটিকে গ্রাম থেকে দূরে সরিয়ে প্রায় ২ কিলোমিটার দূরে একটু বালুকাময় জায়গায় নিয়ে গেছেন।
ফাইটার প্লেন দুর্ঘটনায় বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে তা আশপাশের এলাকায় ৮-১০ কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় বিমানে উপস্থিত দুই পাইলটের প্যারাসুট খোলা ছিল না। যা থেকেই স্পষ্ট, দুই পাইলট নিজেদের জীবনকে বাজি রেখে জ্বলন্ত অবস্থাতেই তাঁরা প্রায় দু’ কিলোমিটার পর্যন্ত বিমানটিকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন।





