ক্রমেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টিতে ভাসতে পারে শহর, আগাম সতর্কতা আবহাওয়া দফতরের

শ্রাবণ মাস শেষ হওয়ার পথে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমল না। বর্ষার দেখা নেই দক্ষিণের জেলাগুলিতে। তবে এই চলতি সপ্তাহেই বানভাসি হতে চলেছে দক্ষিণবঙ্গ, আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই পূর্বাভাস মিলল। আজ সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি।

গতকাল, রবিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বিশেষত কলকাতার আবহাওয়া খানিক পালটেছে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যে। কলকাতার পার্শ্ববর্তী এলাকায় দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে । হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, তা আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে। আর এর ফলেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

আজ, সোমবার দিনভর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে।

এর পাশাপাশি ঝোড়ো দমকা হাওয়া বইবে বলে জানা গিয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে। এর জেরে উত্তাল হতে চলেছে সমুদ্র। এই আবহে মৎস্যজীবীদের ৮ই অগস্ট থেকেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে ভারী বর্ষণে বৃষ্টির ঘাটতি কিছুটা পূরণ হবে বলে আশা করা যাচ্ছে। তবে এই বৃষ্টির কারণে কৃষিকাজের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও খবর।

RELATED Articles