এসএসকেএমে চিকিৎসার করানোর পর হলেও নিজাম প্যালেসে আজ হাজিরা দিতেই হবে অনুব্রতকে, কেষ্টকে কড়া নোটিশ জারি সিবিআইয়ের

কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠালে সঙ্গে সঙ্গে এসএসকেএমে (SSKM) গিয়ে ভর্তি হয়ে যাওয়া, এ যেন রাজ্যের নানান নেতা-মন্ত্রীদের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এর থেকে বাদ পরেন না বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও (Anubrata Mandal)। এর আগেও একাধিকবার তিনি এই ধরণের কাজ করেছেন। সেই কারণে এবার তাঁর জন্য কড়া নোটিশ জারি করল সিবিআই (CBI)।

আজ, সোমবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা অনুব্রত মণ্ডলের। কিন্তু তিনি হাজিরা দেবেন না বলে জানিয়েছেন। এই নিয়ে তিনি সিবিআইকে ইমেল মারফৎ চিঠিও পাঠিয়েছেন। জানিয়েছেন, তাঁকে এসএসকেএমে যেতে হবে। এরপরই তাঁর জন্য নতুন নির্দেশিকা জারি করে সিবিআই কড়া নির্দেশ দেয় যে চিকিৎসা করানোর পর হলেও অনুব্রতকে আজ নিজাম প্যালেসে হাজিরা দিতেই হবে।

গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের একবার অনুব্রতকে সমন পাঠায় সিবিআই। আজ, সোমবার তাঁর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা। কিন্তু অনুব্রত গতকাল, রবিবার ইমেল মারফৎ সিবিআইকে জানিয়েছেন যে তিনি আজ হাজিরা দিতে পারবেন না। তাঁর আইনজীবী জানান যে অনুব্রত আজ কলকাতায় আসবেন ঠিকই। কিন্তু তা এসএসকেএমে চিকিৎসার জন্য কারণ তিনি অসুস্থ। তিনি নিজাম প্যালেসে যেতে পারবেন না। এরপরই সিবিআই জানায় যে এসএসকেএমে চিকিৎসা করিয়ে অনুব্রতকে নিজাম প্যালেসে আসতে হবে। তা যদি না হয়, তাহলে বীরভূম তৃণমূল জেলা সভাপতিকে আগামীকাল ফের হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হবে।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। তাঁর সিবিআই হেফাজতে থাকার ষাট দিন পূর্ণ হচ্ছে আজ। আজ সোমবার বিকেল ৫টার মধ্যে এই মামলার প্রাথমিক চার্জশিট জমা করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আজ যদি তা না হয়, তাহলে আরও একদিনের সময় দেওয়া হয়েছে। কিন্তু আগামীকাল, মঙ্গলবার ছুটি। সেই কারণে বুধবার আদালত খোলার আগেই সেই চার্জশিট জমা করতে হবে সিবিআইকে।

জানা গিয়েছে, সায়গলকে জিজ্ঞাসাবাদ করেই বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্যই অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। অনুব্রত আজ নিজাম প্যালেসে হাজিরা দিলে তাঁর সম্পর্কে যেসমস্ত তথ্য মিলেছে, তা যাচাই করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তথ্যপ্রমাণের সঙ্গে যদি অনুব্রতর কোনও যোগসূত্র থাকে, তাহলে তাঁকে গ্রেফতারও করতে পারে সিবিআই।

RELATED Articles