‘এই নাকি বাঙালি, ছিঃ ছিঃ, ঈশ্বরকে বলব আর এই বাংলায় জন্ম দিও না’, পার্থ-কাণ্ডে ক্ষোভ প্রকাশ পি সি সরকার জুনিয়রের

রাজ্যে বর্তমানে যা পরিস্থিতি চলছে, তা নিয়ে এবার নিজের ক্ষোভ, আক্ষেপ উগড়ে দিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র (P. C. Sorcar Jr.)। রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেই দিলেন যে বাংলায় (West Bengal) এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। তাঁর কথায়, তিনি লজ্জায় বাইরে জেরে পারছেন না। ঈশ্বরের কাছে তাঁর এখন একটাই প্রার্থনা, তাঁকে যেন আর এই বাংলায় জন্ম না নিতে হয়।

গতকাল, বুধবার ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে হওয়া একটি মামলার চার্জশিটের কপি নিতে বারাসাত আদালতে যান পি সি সরকার জুনিয়র। সেখানেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হল তিনি বলেন, “আমি মুখ লুকিয়ে রাখছি। আমি বাংলার বাইরে যেতে পারছি না, এই নাকি বাঙালি। যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসতেন, চিত্তরঞ্জন বোস বসেছেন, এই দেশের জন্য ক্ষুদিরাম নিজেকে ফাঁসিতে দিয়েছেন, এদের জন্য বিনয়-বাদল-দীনেশ শহীদ হয়েছেন?? ছিঃ ছিঃ ছিঃ, ওঁদের নাম ভাঙিয়ে অপমান করা হচ্ছে, আমার রক্তকে অপমান করা হচ্ছে, আপনারা যাই বলুন না কেন আমি ক্ষুব্ধ! এই ধরণের লোকেরা যদি থাকে, আমি আর এই দেশে জন্মাব না। আমি ঈশ্বরকে বলবো, আমাকে যা শাস্তি দাও, কিন্তু বাংলায় জন্ম দিও না”।

এদিন তিনি আরও জানাঞ্জে ২০১৪ সালে তাঁর নামে একটি মিথ্যে মামলা করা হয়েছিল। উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপির টিকিটে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান পি সি সরকার জুনিয়র। তবে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের কাছে পরাজিত হন তিনি। এরপর তাঁকে আর রাজনীতিতে দেখা যায়নি।

কেন আর রাজনীতিতে নেই তিনি? উত্তরে জাদুকর বলেন, “আপনি/আপনারা চাইলেন না, আমার থেকে ভালো প্রার্থী পেয়ে গিয়েছেন, আপনারা সুখে আছেন। আমি আপানাদের মতই একজন ভুক্তভোগীপ”। এরপর মজার ছলেই তিনি বলেন, “আমি নিজেই তো একজন সরকার। পি.সি সরকার”।

আদালত সূত্রে খবর অনুযায়ী, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে এক বক্তব্যের ভিত্তিতে ৩৫৪ এ এবং ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয় পি সি সরকারের বিরুদ্ধে। সেই মামলার চার্জশিট নিতেই এদিন বারাসাত আদালতে আসেন তিনি। তবে সেই কপি এখনও পাওয়া যায়নি বলে জানান তাঁর আইনজীবী পার্থপ্রতিম মিত্র।

আইনজীবীর কথায়, “২০১৪ সালে পি সি সরকার যখন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তখন বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রেখেছিলেন, এরকমই একটি বক্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, সেই কেসে আজ চার্জশিট রিসিভ করার তারিখ ছিল, সেই চার্জশিটের কপি তিনি নিতে আসেন কিন্তু কপিটা এখনো সম্পূর্ণ হয়নি, যতটু সম্পূর্ণ হয়েছে, ততটুকু নেওয়া হল। বাদ বাকিটা আর একদিন এসে নেবেন”।

RELATED Articles