জিপিএস যুক্ত অত্যাধুনিক নাম্বার প্লেট বসতে চলেছে এবার দেশের সমস্ত পুরনো গাড়ি ও মোটরবাইকে। দেশের সড়ক ও পরিবহন ব্যবস্থাকে অত্যাধুনিক করার উদ্দেশ্যে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি।
দেশ থেকে টোল প্লাজা নির্মূল করার জন্য সরকারের পরিকল্পনার আরও একটি পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। এর আগে ফাস্টট্যাগ লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এই নাম্বার প্লেট লাগলে আর টোল প্লাজায় লাইনে দাঁড়াতে হবে না।
নীতিন গডকরি জানিয়েছেন, ২০১৯ সাল থেকে নতুন যানবাহনের ক্ষেত্রে ‘ট্যাম্পার প্রুফ হাই-সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট’-এর (HSRPs) ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে সরকারি সংস্থাগুলি সহজেই যানবাহনগুলির বিষয়ে নির্ভুল তথ্য পায়। এবার দেশের সমস্ত পুরনো যানবাহনে এই নাম্বার প্লেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।
গডকরি আরও বলেন, ভারতের মোট যানবাহনে ৯৭ শতাংশ ফাস্টট্যাগ ব্যবহার করছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভারতীয় সড়ক পরিকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। যানবাহনের ট্র্যাক রেকর্ড রাখতে এবং যেকোনো পরিস্থিতিতে গাড়ির তথ্য অনুসন্ধান করতে এই নম্বর প্লেট বসানো হবে।





