গরু পাচার কাণ্ডে ক্রমেই অস্বস্তি বাড়ছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। আপাতত তিনি রয়েছেন সিবিআই হেফাজতে। তাঁর নানান সম্পত্তি নিয়ে একের পর এক নানান তথ্য উঠে আসছে। এবার তাঁর আর এক চালকল ‘শিবশম্ভু’তে হানা দিল সিবিআই।
গত সপ্তাহেই অনুব্রত মণ্ডলের চালকল ‘ভোলে ব্যোম’এ তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেখান থেকে একাধিক তথ্য উঠে আসে। সেই চালকলটি রয়েছে অনুব্রতর স্ত্রী ও মেয়ের নামে। এবার তাঁর আরও এক চালকল শিবশম্ভুতে হানা দিল সিবিআই। এবার এই চালকল থেকে আর নতুন কী কী তথ্য মেলে, এখন সেটাই দেখার।
গরু পাচার কাণ্ডে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর থেকেই তাঁর নানান বেনামী সম্পত্তির খোঁজ মিলতে থাকে। ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে নানান জমি ও কোম্পানির সন্ধান পায় সিবিআই। এরপরই উঠে আসে অনুব্রতর একাধিক চালকলের নাম। অনুব্রত ও তাঁর আত্মীয়দের নামে রয়েছে একাধিক চালকল।
গত সপ্তাহেই বোলপুরে অনুব্রতর ভোলে ব্যোম চালকলে হানা দিয়েছিল সিবিআই। সেখানে প্রথমে ঢুকতে না পারলেও, বেশ কিছুক্ষণ পর সেই চালকলে ঢোকেন সিবিআই আধিকারিকরা। আর চালকলে ঢুকে কার্যত চোখ কপালে ওঠে সকলের। সেই বন্ধ চালকল থেকে মেলে একাধিক বিলাসবহুল বিদেশী গাড়ি। সেই চালকলের ডিরেক্টর অনুব্রতর পরিচারক।
এবার এই শিবশম্ভু চালকলে হানা দিল সিবিআই। জানা গিয়েছে, এই চালকলটি রয়েছে অনুব্রতর দিদি, জামাইবাবু ও তাদের ছেলের নামে। ওই চালকলে তল্লাশি শুরু করেছে সিবিআই। জানা গিয়েছে, ভোলে ব্যোম চালকলে তল্লাশি চালানোর সময় এই শিবশম্ভু নামের চালকলের হদিশ মেলে। এরপর অনুব্রতকে গ্রেফতারির পর এই চালকলে হানা দেয় সিবিআই।
সূত্রের খবর, এই চালকলগুলিতে সরকারি ধান ক্রয় করা হয় ঠিকই। কিন্তু সরকারি হিসেবে বেশ কিছু গরমিল দেখা গিয়েছে, এর জেরে খাদ্য দফতরে কোনও বড়সড় কেলেঙ্কারি হয়েছে বলে সিবিআইয়ের অনুমান। নানান এই চালকলগুলিতে তল্লাশি চালিয়ে নানান নথি উদ্ধার করে সমস্ত কেলেঙ্কারি সামনে আনাই সিবিআইয়ের লক্ষ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।






