গরু পাচার মামলাতে (cattle smuggling case) দ্রুত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) জামিন দিতে হবে। আর তা না হলে গোটা পরিবারকে মা’দ’ক মামলায় ফাঁসানো হবে। এমনই হুমকি চিঠি পেলেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী (Rajesh Chakraborty)। তবে কে বা কারা এই চিঠি পাঠিয়েছেন, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত ১১ই আগস্ট বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে গরু পাচার কাণ্ডে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এদিনই তাঁকে তোলা হয় আসানসোল সিবিআই বিশেষ আদালতে। বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে এই মামলা ইথে। আদালত অনুব্রতকে ১০ দিনের সিবিআই হেফাজত দেয়। এরপর এই মামলার শুনানি ছিল গত ২০শে আগস্ট।
এদিন অনুব্রতর আইনজীবী আদালতে অনুব্রতর শারীরিক অসুস্থতার প্রসঙ্গ তুলে জামিনের আবেদন জানান। কিন্তু সিবিআইয়ের আইনজীবী জানান যে অনুব্রত তদন্তে সহযোগিতা করেন নি। জিজ্ঞাসাবাদের জন্য আরও কিছুদিন তাঁকে নিজেদের হেফাজতে চায় সিবিআই। এরপর আদালত ফের অনুব্রতকে আরও চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
আগামীকাল অর্থাৎ ২৪শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু এর আগেই বিচারককে এমন হুমকি চিঠি দেওয়া হল। এই বিষয়টি কলকাতা হাইকোর্টের রেজিস্টারকে জানান বিচারক রাজেশ চক্রবর্তী। তবে এই বিষয়কে তেমন গুরুত্ব দিতে নারাজ বিচারক। তবে যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছেন তিনি।

এই ঘটনার তীব্র নিন্দা করে সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এটা একটা ভয়ংকর প্রবণতা। নিম্ন আদালতের একাধিক বিচারককে এভাবে হুমকি দেওয়া হয়। ২০১১ সালের পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে। এই বিষয়টি এখনই আটকানো না গেলে সাধারণ মানুষের শেষ ভরসাস্থলও নষ্ট হয়ে যাবে”।






