‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন তাহলে পদ ছেড়ে দেব’, সৌগতর পদত্যাগের পরামর্শের পর ফের সরব তৃণমূল সাংসদ জহর সরকার

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি ও তৃণমূলের একাংশের দুর্নীতি (corruption) নিয়ে মুখ খুলেছিলেন তিনি। এর জেরে বেশ বিতর্কের মুখে পড়েন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jahar Sarkar)। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে তোপ দেগে নানান আক্রমণ শানিয়ে তাঁকে ‘স্বার্থপর’ তকমা দিয়ে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন তৃণমূলের আর এক সাংসদ সৌগত রায় (Saugata Roy)। এবার এই নিয়ে ফের মুখ খুললেন জহর সরকার।

গত সোমবার পার্থ-অর্পিতার কাণ্ড নিয়ে দলের বিরুদ্ধে কিছু মন্তব্য করেন জহর সরকার। তিনি বলেছিলেন, “যখন টিভিতে দেখলাম বিশ্বাসই করতে পারিনি। কারও বাড়ি থেকে এত টাকা বেরোতে পারে। কল্পনার অতীত। এমন দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়। কেমন যেমন গা শিরশির করছে”। তিনি এও বলেন যে দলের এক দিক পচে গিয়েছে আর এই ভাবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়া সম্ভব নয়।

এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কোনও প্রতিক্রিয়া না দিলেও গতকাল, মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিষয় নিয়ে কুণাল জানান যে এর বিচার করবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি। তাঁর কথায়, “মাননীয় সাংসদ জহর সরকারের যে বক্তব্য, সে প্রসঙ্গে আমরা কোনও কথা বলছি না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি বিষয়টি দেখবে। যদি কোনও পদক্ষেপের প্রয়োজন থাকে বা যদি কিছু করার থাকে, তা আলোচনা করে শৃঙ্খলারক্ষা কমিটি করবে। ততক্ষণ সকলকে অনুরোধ করছি যে এ বিষয়ে কেউ প্রকাশ্যে কোনও মন্তব‌্য করবেন না”।

তবে জহর সরকারকে তুলোধোনা করেন সৌগত রায়। তিনি বলেন, “জহর সরকার রাজ্যসভার সাংসদ হওয়ার আগে একদিনের জন্যও তৃণমূলের মিছিলে হাঁটেন নি। কোনও স্যাক্রিফাইস নেই। উনি যখন দিল্লিতে সংস্কৃতি মন্ত্রকের সচিব ছিলেন, তৃণমূলের একটা উপকারও করেন নি”। জহর সরকারকে ‘স্বার্থপর’ বলে বর্ষীয়ান সাংসদ বলেন, “এঁরা সব আত্মকেন্দ্রিক। নিজেদের স্বার্থে চলেন। সাংসদ হিসাবে যখন তখন প্লেনে যাবেন, মাসে দু’লক্ষ টাকা বেতন পাবেন, আর পার্টির খারাপ সময় এলেই সরে যাবেন”।

এর জবাবে জহর বলেছিলেন, “বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে বলেছিল, তুমি রাজনীতি ছেড়ে দাও। বন্ধুরা বলছে, তুই এখনও আছিস? এই ধরনের লাঞ্ছনা তো জীবনে কখনওই শুনতে হয় নি”। এই প্রসঙ্গে টেনে সৌগতর আরও তোপ, “ওঁর যদি ভালই না লাগে তবে সাংসদ পদটা ছেড়ে দিন। তাতেও পেনশন পাবেন। তবে এখন যে দু’লক্ষ টাকা বেতন এবং যাতায়াতের খরচ পান সে সব ত্যাগ করুন”।

এই প্রসঙ্গে এবার ফের মুখ খুলে জহর সরকার বলেন যে যিনি তাঁকে এই পদের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁর কথায় অসন্তুষ্ট হন বা ক্ষুব্ধ হন, তাঁকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের কথা বলেন, তাহলে তিনি পদ ছেড়ে দেবেন।

আরও অন্যান্য খবর