প্রসবের পর সন্তানের মৃত্যু হলে ৬০ দিনের মাতৃত্বকালীন ছুটি, সদ্য সন্তানহারা মায়ের মানসিক অবস্থার কথা ভেবে বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের

মাতৃত্বকালীন ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। জন্ম দেওয়ার সময় বা জন্মের পর যদি সন্তানের মৃত্যু হয়, তাহলে ৬০ দিনের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা করল কেন্দ্র। সন্তানহারা মায়েদের মানসিক অবস্থার কথা ভেবেই কেন্দ্র সরকারের মহিলা কর্মীদের জন্য এই ঘোষণা করল কেন্দ্রের কর্মীবর্গ বিভাগ।

এই দফতরের তরফে জানানো হয়েছে যে বেশ কিছুদিন ধরেই জন্মের পর সন্তানের মৃত্যু হলে ছুটির বিষয়ে নির্দেশিকা চেয়ে অনুরোধ জানানো হচ্ছিল। অনেকেই সন্তানের মৃত্যুর পর মাতৃত্বকালীন ছুটির আবেদন জানাচ্ছিলেন। তাই সমস্ত দিক বিবেচনা করেই সন্তানের জন্মের পর মৃত্যু হলে সন্তানহারা মাকে ৬০ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মীবর্গ বিভাগের তরফে এও জানানো হয়েছে যে এই নিয়ম শুধুমাত্র দুইয়ের কম জীবিত সন্তান থাকা অবস্থাতেই চালু হবে। দুটি সন্তান হওয়ার পর তৃতীয় সন্তানের ক্ষেত্রে এই অঘটন ঘটলে এই নিয়ম তাদের ক্ষেত্রে খাটবে না।

কেন্দ্রের পর্যবেক্ষণ, কোনও মা প্রসবের পরই তাঁর সন্তান হারালে তাঁর উপর সাংঘাতিক মানসিক প্রভাব পড়ে। এই মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্যই এই মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এও জানানো হয়েছে যে কারোর যদি মাতৃত্বকালীন ছুটি আগেই শেষ হয়ে গিয়ে থাকে, তাহলেও তাঁকে এই ছুটি দেওয়া হবে। সেক্ষেত্রে আগের মাতৃত্বকালীন ছুটি অন্য ছুটি থেকে কেটে নেওয়া হবে।

সরকারি নিয়ম অনুযায়ী, সাধারণত কর্মীরা ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পান। ২০১৬ সালে এই ছুটির পরিমাণ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করা হয়। এর মধ্যে  সর্বোচ্চ ৮ সপ্তাহ সন্তান জন্মের আগে নেওয়া যায়। বাকিটা নেওয়া যায় সন্তানের জন্মের পরে। এর সঙ্গে এবার এই অতিরিক্ত ছুটি যোগ হচ্ছে।

আরও অন্যান্য খবর