‘দিদি পাশে আছেন, এটাই যথেষ্ট, কেউ সারাজীবন জেলে থাকে না’, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন অনুব্রত, মমতার বার্তায় বাড়তি অক্সিজেন পাচ্ছেন কেষ্ট

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেফতারের পর থেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি প্রশ্ন তুলেছিলেন যে কেন অনুব্রতকে গ্রেফতার করা হল। শুধু তাই-ই নয়, গতকাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের সমাবেশ থেকেও অনুব্রতর উদ্দেশে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। আর এর জেরে যেন মনোবল ফিরে পেলেন অনুব্রত। মমতার সমর্থন পেয়ে বললেন, “দিদি পাশে আছেন, এটাই যথেষ্ট”।

কিছুদিন আগেই ২০১০ সালে মঙ্গলকোট অশান্তি মামলায় বিধাননগর এমপি-এমএলএ আদালতে হাজিরা দিয়েছিলেন অনুব্রত। আজ, শুক্রবার ছিল সেই মামলার শুনানি। বিধাননগর আসার জন্য এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশে অনুব্রতকে নিয়ে রওনা দেন সিবিআই আধিকারিকরা। সেই সময়ই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন অনুব্রত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা প্রসঙ্গে তিনি বলেন, “দিদি পাশে আছেন, এটাই যথেষ্ট। কেউ সারাজীবন জেলে থাকে না একদিন না একদিন ঠিকই ছাড়া পাব”।

মমতার তাঁকে সমর্থন করার বার্তা যে অনুব্রতকে বাড়তি অক্সিজেন দিয়েছে, তা তো বলাই বাহুল্য। এদিন কলকাতায় আসার পথে শক্তিগড়ে প্রাতঃরাশ সারেন বীরভূমের বেতাজ বাদশা। গাড়িতে বসেই খান কচুরি, সবজি ও লাল চা। সেখানে বসেই তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ই”। এরপর ফের কলকাতার উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে ছিল তৃণমূলের সমাবেশ। সেই সভা থেকে অনুব্রতর পাশে দাঁড়িয়ে মমতা বলেন, “কেষ্ট বেচারা অসুস্থ। বগটুইয়ে একবার ধাক্কা খেয়েছিল। জেলে বন্দি করে কী ভাবছেন পার্লামেন্টের দু’টি সিট পাবেন? প্রতি ভোটে কেষ্টকে নজরবন্দি করে দেয়”।

এরপরই বীরভূমের ব্লক সভাপতিদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর বার্তা, “কেষ্ট না ফেরা পর্যন্ত ৩ গুণ লড়াই হবে। বীরভূমের লাল মাটি হারতে শেখেনি। কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনবেন”। আর এবার ‘দিদি’র থেকে এমন সমর্থন পেয়ে অনুব্রতও যেন একটু চাঙ্গা হয়ে উঠলেন।

RELATED Articles