বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে কার্যত রণক্ষেত্রের আকার নিয়েছে শহরের নানান প্রান্ত। সাঁতরাগাছির পর এবার অশান্ত হয়ে উঠল হাওড়া ময়দান। বিজেপির শান্তিপূর্ণ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল ছোঁড়ার ঘটনা লক্ষ্য করা গিয়েছে। বাঁশ দিয়ে পুলিশকে তাড়া করে বিজেপি কর্মীরা।
হাওড়া ময়দানে মিছিলে ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয় পুলিশের তরফে। অভিযোগ, এর জেরে মিছিলে এদিন অসুস্থ হয়ে পড়েন একাধিক বিজেপি কর্মী। কারোর কারোর মাথা ফেটে গিয়েছে বলেও অভিযোগ।
এদিন তিনদিক থেকে বিজেপি মিছিল বেরোনোর কথা। হাওড়া ময়দান থেকে মিছিল নিয়ে অগ্রসর হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলেজ স্কোয়ার থেকে মিছিলের নেতৃত্বে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও সাঁতরাগাছি থেকে মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর।
এই মিছিল আটকাতে নানান দিকে ব্যারিকেড দেয় পুলিশ। হাওড়া ময়দানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এগোচ্ছিল মিছিল। সেই মিছিলে বাঁধল উত্তেজনা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিজেপি কর্মীরা। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। শুরু হয় ব্যাপক লাঠিচার্জ। এর প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেন সুকান্ত মজুমদার। তাঁকে পরবর্তীতে আটক করা হয়েছে বলে খবর।





