সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের কাঁচা বাঁশ কেটে নিয়ে যাওয়ার নিদান দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তাঁর সেই মন্তব্যেরই পাল্টা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বললেন, “আপনাদেরও বাঁশ খাওয়ার সময় এসেছে”।
দুই দলের দুই প্রভাবশালী নেতা। দু’জনেই নিজেদের নানান মন্তব্যের কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। একজন অতীব ঠোঁটকাটা জবাব দেন, তো অন্যজন বেশ হাসি হাসি মুখ করেই নানান তোপ শানান। দিলীপ ও মদনের বাকযুদ্ধের সাক্ষী রয়েছে অতীত। এবার ফের একবার এই দুই হেভিওয়েট নেতার বাকযুদ্ধ শুরু হল।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওতে মদন মিত্রকে বলতে শোনা গিয়েছে, “হেরিটেজ পূজো হয়েছে আর এবার হেরিটেজ ঝামেলা হবে। একজন নেতা কাঁচা বাঁশ কেনার কথা বলেছেন। তবে উনি বাঁশের আসল ব্যবহার কি, তা জানেন না। উনি কিনুন, তারপর আমি ব্যবহার করে দেখাবো। আপনাদেরও বাঁশ খাওয়ার সময় এসেছে।
কিন্তু কেন এমন বললেন ‘কালারফুল’ বিধায়ক?
আসলে গতকাল, সোমবার, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দিলীপ ঘোষ বলেন, “পঞ্চায়েত নির্বাচনে আগের বার পুলিশ এবং গুন্ডাদের দিয়ে ভোট লুট করেছিল তৃণমূল। আমাদের মনোনয়ন জমা পর্যন্ত দিতে দেয়নি। এক সপ্তাহ ধরে এসপি এবং বিডিও অফিস ঘেরাও করে রাখে ওদের দুষ্কৃতীরা। তবে এবারে কিন্তু খালি হাতে যাওয়া যাবে না। কাঁচা বাঁশ কেটে নিয়ে যাব। এখন থেকে তৈরি রাখুন”।
দিলীপ ঘোষের এই ‘কাঁচা বাঁশ’-এর মন্তব্যের প্রেক্ষিতেই যে মদন মিত্র পাল্টা কটাক্ষ করেছেন, তা বেশ স্পষ্ট। তবে একদিকে যখন মদন মিত্র পাল্টা বাঁশ খাওয়ানোর কথা বলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উল্টো সুরই শোনা গেল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের গলায়। তিনি বলেন, “আপনারা সাধারণ মানুষকে মারবেন না। বরং আমরা মার খেতে তৈরি আছি”।






