‘বিজেপির নবান্ন অভিযানে লোকই হয়নি, ওদিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই’, নবান্ন অভিযান নিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার

বিজেপির নবান্ন অভিযানকে (Nabanna Abhiyan) কোনওভাবেই গুরত্ব দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, বিজেপি (BJP) শুধুমাত্র প্রচারে আসার জন্য এই ধরণের কাজকর্ম করে। তাদের দিকে কোনও গুরুত্ব দেওয়ার দরকার নেই বলেই মত মমতার। আজ, মঙ্গলবার খড়গপুর থেকে মমতা গণ আন্দোলনের দিকে জোর দেওয়ার বার্তা দেন।

এদিন খড়গপুরে ছিলেন মময়া বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটি সভা থেকে বিজেপির এই নবান্ন অভিযান নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। লাইম লাইটে আসার জন্য ওরা এগুলো করে। ওদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই”। তিনি আরও বলেন, “বিজেপি ধ্বংস চায়। তাঁদের দিকে তাকানোর দরকার নেই। নিজেদের কাজ করুন। গণআন্দোলনে জোর দিন”।

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আটক নিয়েও তীব্র কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। শুভেন্দুর আটকের ভিডিও পোস্ট করে তৃণমূল লিখেছে, “৫৬ ইঞ্চির চওড়া ছাতির মডেল ধরা পড়ে গিয়েছে”। সেই ভিডিও টুইট করে আবার তিনটি হাসির ইমোজি পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের নানান দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেয় বিজেপি। এদিন শহরের নানান প্রান্ত থেকে মিছিল বের করা হয় বিজেপির তরফে। বিজেপিকে আটকাতে অতি তৎপর ছিল পুলিশও। রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা হয়। সাঁতরাগাছি, হাওড়া ময়দানে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড বাঁধে পুলিশের।

পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় বোতল, ইট। পাল্টা পুলিশও জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। কিন্তু নবান্ন অভিযানে নজর কাড়তে ব্যর্থ শুভেন্দু-সুকান্ত-দিলীপরা। তবে শেষ পর্যন্ত নবান্ন না পৌঁছতে পারলেও সাঁতরাগাছি, হাওড়া ময়দান, এমজি রোডে দাপিয়ে বেড়িয়েছে গেরুয়া বাহিনী। তাদের সামলাতে রীতিমতো কালঘাম ছোটে পুলিশের।

আরও অন্যান্য খবর