কয়লা পাচারকাণ্ডে বাড়িতে সিবিআই তল্লাশির পর দিল্লির ইডি দফতরে ডাক পড়ল মলয় ঘটকের, ‘নোটিশ পাইনি, যাব না’, সাফ জানালেন আইনমন্ত্রী

গত সপ্তাহেই তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI)। এর ঠিক এক সপ্তাহ পরই দিল্লির ইডি (Enforcement Directorate) দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)। যদিও ঘনিষ্ঠ মহলে মন্ত্রী দাবী করেন যে তিনি কোনও নোটিশ পান নি। তাই বুধবার তিনি হাজিরা দেবেন না।

বলে রাখি, এর আগেও কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মলয় ঘটককে একাধিকবার ডেকে পাঠিয়েছে ইডি। কিন্তু বারবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। আর এবারও তিনি তাই-ই করলেন। জানালেন যে ইডির সমনের কোনও নোটিশ তিনি পান নি।

গত বুধবার সকাল সকালই মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর আসানসোলের তিনটি বাড়ি, এমনকি কলকাতায় থাকা তিনটি বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। কয়লা পাচার কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত হদিশ পেতেই এই তল্লাশি। সেদিন সিবিআই তল্লাশি চালানোর সময় মলয় ঘটকের বাড়ির বাইরে মোতায়েন করা ছিল কেন্দ্রীয় বাহিনী। প্রায় গোটা দিন ধরেই চলেছিল তল্লাশি।  

যদিও সিবিআইয়ের এই ‘অতি সক্রিয়তা’কে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন মলয় ঘটক। তিনি ও তাঁর স্ত্রী হাসিমুখেই তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছিলেন। পরে সিবিআই আধিকারিকদের আচরণের প্রশংসাও করেছিলেন মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক।

সেদিন মলয় ঘটককেও দিনশেষে কার্যত যুদ্ধজয়ের ভঙ্গিতেই দেখা গিয়েছিল। তাঁর বাড়ি তল্লাশির এক সপ্তাহ পরই তাঁকে দিল্লির ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই সমনের নোটিশ তিনি পাননি বলে জানিয়েছেন মলয় ঘটক। আর সেই কারণেই তিনি হাজিরাও দেবেন না বলেই সাফ জানিয়ে দেন।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আসানসোল বিশেষ সিবিআই আদালত। এই মামলায় মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজির ঘনিষ্ঠ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। এদের নাম কয়লা কেলেঙ্কারির চার্জশিটে ছিল। এবার দ্রুতই তদের গ্রেফতার করা হবে।

RELATED Articles