কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) প্রশংসা করতে গিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তিনি নিজে সাংসদ হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন তুললেন। তাঁর এই বিস্ফোরক মন্তব্য নিয়ে এবার জোর চর্চা শুরু হয়েছে। এবার কী তবে দলের মতামত নিয়ে বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
মদন মিত্র সম্পর্কে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। উনি একজন শিক্ষিত মানুষ। কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না। আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসাবে মানি না। আমি অবাক হয়ে যাচ্ছি মন্ত্রিসভায় মদন মিত্রের নাম নেই”।
তৃণমূল সাংসদ এই মন্তব্য ঝড়ের গতিতে ছড়িয়েছে। রাজনীতিতে আসার আগে প্রসূন বন্দ্যোপাধ্যায় ক্রীড়া জগতেরই মানুষ ছিলেন। তাই ক্রীড়া জগতের প্রতি তাঁর একটা আলাদা টান থাকাই স্বাভাবিক। কিন্তু নিজে একজন সাংসদ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা নিয়ে তিনি কেন হঠাৎ প্রশ্ন তুললেন, তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে যে তাহলে কী প্রসূনও এবার ‘বেসুরো’ হলেন?
তৃণমূল সাংসদের এহেন মন্তব্যকে হাতিয়ার করে তোপ দাগতে ছাড়ে নি বিজেওই। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের বলেছেন যে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য মদনের প্রতি আনুগত্য কিংবা ভালবাসার প্রকাশ নয়। তাঁর মতে, “এই মন্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে তৃণমূলের শেষের সময় এসে গিয়েছে”।
তবে বিজেপির এই অভিযোগকে খারিজ করে দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, “তৃণমূল শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি ঠিক করবেন কে কোন মন্ত্রী হবেন। আর কেউ তা ঠিক করতে পারেন না”। আবার বিজেপি মুখপাত্র শমীককে খোঁচা দিয়ে শান্তনু আরও বলেন, “আপনার দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তাই দলে অন্তর্কলহ দিন দিন বাড়ছে”।






