শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC scam case) মামলায় এবার আরও কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বেআইনিভাবে ঠিক কতজনকে নিয়োগ করা হয়েছে, তা জানতে চেয়ে আগামী ২৮শে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly)। এই বেআইনি নিয়োগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হল সিবিআই ও কমিশনকে। সেই রিপোর্টের ভিত্তিতেই নিয়োগ করা হবে যোগ্যদের।
এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানান বিতর্ক। আজ, বুধবার এই মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এদিন সওয়াল-জবাব শেষে বিচারপতি নির্দেশ দেন যে স্কুল সার্ভিস কমিশনকে অবিলম্বে মামলাকারীদের আইনজীবী ও মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসতে হবে।
বেআইনিভাবে কতজন চাকরি পেয়েছেন, সে বিষয়ে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে কমিশন ও সিবিআইকে রিপোর্ট পেশ করআর নির্দেশ দেন বিচারপতি। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে জানান যে বেআইনিভাবে যাদের নিয়োগ করা হয়েছে, তাঁদের প্রত্যেকের চাকরি বাতিল হবে। এর পাশাপাশি তিনি এও জানান যে যাঁরা যোগ্য প্রার্থী তাঁদের নিয়োগের জন্যই সিবিআই ও কমিশনের কাছে এই রিপোর্ট তলব করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে নতুন নিয়োগ।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ৫৭৩ জনের বেতন বন্ধ ও তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ-সি তেও বেআইনিভাবে নিযুক্তদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। এবার সেই সমস্ত শূন্যপদ পূরণ করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এসএসসি আইনজীবী জানান যে পুজোর আগে সমস্ত নিয়োগ করা সম্ভব হয়ে উঠবে না। তবে বিচারপতি ১০০জন করে ধাপে ধাপে নিয়োগের নির্দেশ দিয়েছেন।






