শুধু দুর্গাপুজোই নয়, এবার কালীপুজোটাও জেলেই কাটাতে হবে পার্থকে, শর্তসাপেক্ষ জামিনের আবেদনও খারিজ, একমাসের জেল পার্থর

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। তাঁকেও গ্রেফতার করা হয়। পার্থ-অর্পিতা আপাতত দু’জনেই রয়েছেন জেল হেফাজতে।

এই মামলার শুনানি চলছে। একাধিকবার তাদের আদালতে পেশ করা হয়েছে। কিন্তু প্রত্যেকবারই পার্থর জামিনের আবেদন খারিজ করা হয়েছে আদালতের তরফে। নানান কারণ দেখিয়ে পার্থ জামিনের আর্জি জানালেও, তা ধোপে টেকে নি কোনওবারই।

গতকাল, বুধবার ফের আদালতে তোলা হয় পার্থ ও অর্পিতাকে। এবার ভারচুয়ালি আদালতে তোলা হয়েছিল তাদের। এদিন পার্থ আবেদন জানান যাতে কোনও শর্তের বিনিময়ে তাঁকে জামিন দেওয়া হয়। কিন্তু সে আবেদনেও কোনও কর্ণপাত করলেন না বিচারক। এবার কালীপুজো ও ভাইফোঁটাও জেলের মধ্যেই কাটাতে হবে পার্থ ও অর্পিতাকে।

এদিন পার্থ এও আবেদন করেন যাতে তাঁর কেরিয়ারের দিকটি বিবেচনা করে দেখা হয়। কিন্তু তাও কাজে আসে নি। ৩১শে অক্টোবর পর্যন্ত পার্থ ও অর্পিতাকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গোটা উৎসবের মরশুম এবার জেলের ভিতরেই কাটবে পার্থর।

উল্লেখ্য, এদিন আদালতে পার্থকে প্রভাবশালী বলার বিরুদ্ধে সওয়াল করেছিলেন তাঁর আইনজীবী। পার্থকে যে সাসপেন্ড করা হয়েছে, এও জানানো হয় আদালতকে। এর পাশাপাশি তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরমের জামিন পাওয়ার প্রসঙ্গ টেনে আনেন। কিন্তু কিছুতেই কিছু লাভ হয় না।

এদিকে আবার ইডির আইনজীবী আদালতে জানান যে এই মামলার সঙ্গে জড়িত সম্পত্তির পরিমাণ ১৫০ কোটিরও বেশি ছাড়িয়েছে। প্রায় প্রতিদিনই ৩০-৪০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলছে বলে আদালতে জানিয়েছে ইডি।

আরও অন্যান্য খবর