নজিরবিহীন প্রতিবাদ! নতুন ইউনিফর্মে না, সরকারের দেওয়া নীল-সাদা পোশাক ছিঁড়ে বাইরে ফেলে দিল পড়ুয়ারা

রাজ্য সরকারের তরফে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে যে সরকারি ও সরকার অধীনস্থ সমস্ত স্কুলের ইউনিফর্মের রঙ হবে নীল-সাদা। সরকারের তরফেই দেওয়া হবে সেই ইউনিফর্ম। এই নিয়ে এর আগেও নানান স্কুলে প্রতিবাদে সামিল হয়েছেন পড়ুয়ারা, স্কুলের প্রাক্তনীরা, অভিভাবকরা। এবার ফের একবার বিক্ষোভ দেখা দিল এই নীল-সাদা ইউনিফর্ম নিয়ে। নজিরবিহীন প্রতিবাদ দেখাল কোচবিহারে এক স্কুলের পড়ুয়ারা।

ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের মণীন্দ্রনাথ হাইস্কুলে। গতকাল, বুধবার সরকার থেকে দেওয়া পড়ুয়াদের হাতে নীল-সাদা ইউনিফর্ম তুলে দেওয়া হয়। কিন্তু পোশাক হাতে পাওয়া মাত্রই তা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় পড়ুয়ারা। শুধু তাই নয়, বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে স্কুলের মাঠে ও জমায়েত করে পোশাক ছিঁড়ে ফেলে দেয় পড়ুয়ারা।

ছাত্র-ছাত্রীদের গত ৭০ বছর ধরে এই স্কুলের পোশাকের রং সবুজ ও সাদা। ঐতিহ্যবাহী সেই পোশাকের রঙ আচমকা এভাবে বদলে যাওয়াটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না কোনও ছাত্র-ছাত্রীই। পড়ুয়াদের স্পষ্ট বক্তব্য, তারা কেউই নতুন এই ইউনিফর্ম পরে স্কুলে আসবে না।

স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে তারা পড়ুয়াদের এই বিক্ষোভের বিষয়ে কিছুই জানেন না। স্কুলের সহকারী প্রধান শিক্ষক বীরেশ রায় এই ঘটনা প্রসঙ্গে জানান কে সরকারের তরফে যে নীল-সাদা পোশাক দেওয়া হয়েছে, তা ইতিমধ্যেই পড়ুয়াদের মধ্যে বিলি করা শুরু হয়ে গিয়েছে। তবে সব ক্লাসে এখনও পোশাক দেওয়া হয়ে ওঠেনি।

তবে তিনি এও জানান যে সরকারের দেওয়া এই নতুন নীল-সাদা পোশাক পড়ুয়ারা পরবে কী না, সে নিয়ে এখনও স্কুলের তরফে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তাঁর দাবী, “স্কুলের ছাত্রছাত্রীরা সেই পোশাক ছিঁড়ে ফেলেছে কী না, সেই বিষয়ে আমাদের কিছু জানা নেই”।

বলে রাখি, স্কুলের ইউনিফর্ম বদল হওয়ার নির্দেশিকা পাওয়া মাত্রই জলপাইগুড়ি-সহ রাজ্যের নানান স্কুলের পড়ুয়ারা সেই নির্দেশিকার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। ইতিমধ্যেই নীল-সাদা পোশাক বিলি করার কাজ শুরু হয়ে গিয়েছে। আর এরই মধ্যে এমন নজিরবিহীন প্রতিবাদ দেখা গেল কোচবিহারের মণীন্দ্রনাথ স্কুলে।

RELATED Articles