দুর্গাপুজোর শেষবেলায় ‘অসুর’ বৃষ্টি, নবমীর নিশি ভাসবে প্রবল বৃষ্টিতে, মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস

আজ মহানবমী। দুর্গাপুজোর শেষদিনে মনখারাপ সকলের। আজকের দিনটা কাটলেই উমার ফের বাড়ি ফেরার পালা। সেই কারণে এই শেষদিনটা সকলেই পুরোদমে উপভোগ করে নিতে চায়। আনন্দের শেষ নির্যাসটুকু নিংড়ে নিতে চায় বাঙালি। আনন্দ তো রয়েইছে, তার সঙ্গে রয়েছে এক ভারাক্রান্ত মনও।

আর সেই মনখারাপ আরও বাড়াতে হাজির বৃষ্টি। কখনও ঝিরঝিরে তো কখনও আবার কয়েক পশলা বৃষ্টির জেরে পুজোর আনন্দে যেন ভাটা পড়েছে। দুর্গাপুজোর শেষদিনটাতে আবহাওয়া কেমন থাকবে, তা জানতে উৎসুক দর্শনার্থীরা। কিন্তু তাদের জন্য কোনও ভালো খবর শোনাতে পারল না আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, নবমীর নিশিতে বৃষ্টি ঠাকুর দেখার আনন্দ মাটি করবে।

ষষ্ঠী থেকেই কলকাতায় শুরু হয়েছিল বৃষ্টি। কলকাতার বড় বড় মণ্ডপগুলি দেখবেন বলে যখন দর্শনার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, সেই সময় ঝমঝমিয়ে নামে বৃষ্টি। উত্তর ও মধ্য কলকাতার কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। আনন্দ কার্যত মাটি হয়ে যায়।

তবে সপ্তমীতে হালকা বৃষ্টি তেমন বাধা দিতে পারেনি মণ্ডপমুখী দর্শনার্থীকে। ওইদিন নির্বিঘ্নেই ঠাকুর দেখেছেন সকলে। অষ্টমীর দিন বেলার দিকে ফের কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টিতে ব্যাহত হয় অঞ্জলি। এছাড়া উত্তরবঙ্গে ভারী বর্ষণে জলপাইগুড়ির রাজগঞ্জের মণ্ডপ ভেঙে বিশৃঙ্খলা তৈরি হয়। রাতের দিকেও ঝিরঝিরে বৃষ্টি চলছিল।

আর এদিকে আজ, নবমীর দিন সকাল থেকেই আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দফতরের মতে, মঙ্গলবার অর্থাৎ নবমীর দিন দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শেষদিনের আনন্দ মাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুঃসংবাদ রয়েছে উত্তরবঙ্গবাসীদের জন্যও। জানা যাচ্ছে, মালদহ, কালিম্পং, দুই দিনাজপুর, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

পুজোর সময় আবহাওয়ার হেরফের হয়েই থাকে। তবে এই বছর তা যেন একটু বেশি। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ায় এই ঝড়বৃষ্টি। এই নিম্নচাপটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরে যাবে। এর প্রভাবে দুর্যোগ কাটবে। দশমীর পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।

আরও অন্যান্য খবর