গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। শতাব্দী ছাড়াও এই চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে ব্যাঙ্ক ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ব্যাঙ্ক কর্মীদেরও। গত শুক্রবার আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলের নামে ৩৫ পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই।
সূত্রের খবর অনুযায়ী, চার্জশিটে সাক্ষী হিসাবে ৯৫ জনের নাম রয়েছে। এদের মধ্যে শতাব্দীর নাম রয়েছে ৪৬ নম্বরে। ১৬০ নং ধারায় শতাব্দীকে নোটিস পাঠানো হয়েছিল। ১৬১ নং ধারায় তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড করা হয়। তার পরই চার্জশিটে সাক্ষী হিসাবে শতাব্দীর নাম রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, শতাব্দীর সঙ্গে অনুব্রতর যে একটা ঠাণ্ডা লড়াই রয়েছে, তা সকলেরই জানা। একুশের বিধানসভা নির্বাচনের সময় শতাব্দীর তৃণমূল ছাড়ার জল্পনা ছড়িয়েছিল। কারণ সেই সময় তৃণমূলের একাংশের ব্যাখ্যায় নাম ছিল অনুব্রতর। তবে অনুব্রতর গ্রেফতারির পর তাঁর পাশে দাঁড়িয়েছিলেন শতাব্দী রায়।
খয়রাশোলে তৃণমূলের এক সভায় শতাব্দী বলেছিলেন, “আমাদের অনুব্রত মণ্ডলের পাশে থাকতে হবে, বোঝাতে হবে আমরা অকৃতজ্ঞ নই। আপনারা যখন অনুব্রত মণ্ডলকে পাশে পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, তখন আপনাদেরও তাঁর পাশে থাকতে হবে”। আর এবার সিবিআইয়ের চার্জশিটে সেই শতাব্দীরই নাম রয়েছে সাক্ষী হিসাবে।
শতাব্দী ছাড়াও, অনুব্রতর চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে ব্যাঙ্ক ম্যনেজার ও কর্মীদেরও। এই মামলার তদন্ত করতে গিয়ে টাকা লেনদেনের বিষয়টি জানতে পেরেছেন তদন্তকারীরা। এই চার্জশিটে ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কথা উল্লেখ করা হয়েছে। ব্যাঙ্কে লেনদেন সংক্রান্ত তথ্যে সিজার লিস্টে যে সমস্ত ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মী সই করেছিলেন, তাদের নামও সাক্ষী হিসেবে চার্জশিটে রয়েছে বলে জানা গিয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!