সামনেই দীপাবলি। আর দীপাবলি মানেই আলোর উৎসব। দীপাবলির দিন প্রদীপ দিয়ে ঘরবাড়ি সাজাতে ভালোবাসেন অনেকেই। দীপাবলির সময় দোকানে দোকানেও বিক্রি হয় নানান সাইজের, নানান ডিজাইনের প্রদীপ। তবে এবারের বিশেষ আকর্ষণ ‘আশ্চর্য প্রদীপ’।
আমরা সকলেই জানি যে প্রদীপ জ্বালাতে গেলে প্রয়োজন পড়ে তেল বা ঘি-এর। আবার এখন বৈদ্যুতিক প্রদীপও বেরিয়েছে। তার লাগিয়ে সুইচ টিপলেই অনেক ক্ষেত্রে জ্বলে ওঠে প্রদীপ। আবার কোনও প্রদীপ জ্বলে ব্যাটারির সাহায্যে। কিন্তু আশ্চর্য এই প্রদীপ জ্বলছে জল দিয়ে।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। জল দিলেই জ্বলছে প্রদীপ। তেলের দাম এমনিতেও যে হারে দিনদিন বেড়ে চলেছে, তাতে জল দিয়েই যদি কাজ মিটে যায়, তাতে মন্দ কী! প্রদীপ হলেও, কিছুটা সাশ্রয় তো অন্তত হবে। তাই-ই বা কম কীসের!
এমনই আশ্চর্য প্রদীপ রমরমিয়ে বিক্রি হচ্ছে ধূপগুড়িতে। মিলছে ধূপগুড়ির বাজারের বৈদ্যুতিক দোকানেই। দামও সকলের সাধ্যের মধ্যেই। বাজার থেকে প্রদীপ কিনে এনে তাতে তেল ঢালার বদলে শুধু জল ঢেলে দিন। আর তারপর দেখুন ম্যাজিক। জ্বলে উঠবে প্রদীপ।

ধূপগুড়ির বাসিন্দারা যাঁরা এই প্রদীপ কিনেছেন তাঁদের মতে, ম্যাজিক প্রদীপ সত্যিই লাভজনক। খরচও বাঁচাচ্ছে। এখন তো নানা রঙের টুনি লাইটেরও অনেক দাম। সেদিক থেকে এই জল-প্রদীপ যেমন তেলের খরচ বাঁচাবে, তেমনই বিদ্যুতের খরচও বাঁচাবে। লাভ দুদিকেই। একটা প্রদীপের দাম ৫০ টাকা। আর ম্যাজিক প্রদীপে বেশ চমকও রয়েছে। স্বাভাবিকভাবেই মানুষজনের চোখ টানবে। সকলকেই বেশ অবাক করে দেওয়া যাবে।
এই প্রসঙ্গে ধূপগুড়ির এক বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী বলেণ, “নতুন নতুন জিনিসের চাহিদা এমনিতেই থাকে। এ বছর দীপাবলি উপলক্ষে এই ম্যাজিক প্রদীপ এনেছি। বর্তমানে তেলের যা দাম তাতে এই ম্যাজিক প্রদীপ ক্রেতাদের জন্য যথেষ্ট লাভজনক। তেল ও বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র জল দিয়েই জ্বলবে এই প্রদীপ। ক্রেতাদেরও খুব পছন্দ হয়েছে। প্রদীপের চাহিদাও বাড়ছে”।





