‘২৪-এর লোকসভা নির্বাচনে ১০০ আসন কমবে বিজেপির’, ভবিষ্যৎবাণী করে দিলেন রায়সাহেব

তাঁকে তৃণমূলের ‘চাণক্য’ বলা হত। এককালে তৃণমূলের (TMC) ভোটের তরী পার করতে তাঁর যে অবদান রয়েছে, তা বলাই বাহুল্য। এখন যদিও অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরেই রয়েছেন তিনি। তবে মাঝেমধ্যেই নানান বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন মুকুল রায় (Mukul Roy)। এবার একরকম আগামী লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ভবিষ্যৎবাণী করে দিলেন তিনি।

গত মঙ্গলবার সল্টলেকে নিজের বাড়িতে বসেই রায়বাবু বলেন, “রাজনীতির ছাত্র আমি। বহু ওঠাপড়া দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, আগামী নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। “আচ্ছে দিনের” স্বপ্ন দেখিয়ে ২০১৯ এ বিজেপি ৩০৩ টি আসনে জয় লাভ করতে পেরেছিল। কিন্তু তারপর সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। সেখান থেকে দেখলে আমি বলতে পারি ২০২৪-এ বিজেপির ১০০ আসন কমবে”।

উনিশের লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে যোগ দেন গেরুয়া শিবিরে। সেই সময় তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান মন্তব্য করতে শোনা যায় তাঁকে। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে উত্তর কৃষ্ণনগর থেকে ভোটে দাঁড়ান মুকুল রায়।

ভোটে জয়ী হয়ে বিধায়কও হন তিনি। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের একমাস পরই আচমকাই বিজেপি ছেড়ে ফের তৃণমূল ঘর ওয়াপসি করেন রায়সাহেব। তবে খাতায়-কলমে তিনি এখনও বিজেপির বিধায়ক। এখন অবশ্য শারীরিক অসুস্থতার জন্য তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায় না। সভা-মিছিলেও সেভাবে অংশ নেন না তিনি।

তবে মাঝেমধ্যেই নিজের বেফাঁস মন্তব্যের জন্য বিতর্কে উঠে আসেন মুকুল রায়। যদিও আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে মন্তব্য করে এদিন মুকুল রায় বলেন, “বিরোধীরা বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলকে নিশানা করলেও এর প্রভাব ভোট বাক্সে পড়বে না। সাধারণ মানুষ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পাশে থাকবেন”।

আরও অন্যান্য খবর