দীপাবলির (Diwali) উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendr Modi)। গতকাল, শনিবার ‘রোজগার মেলা’র উদ্বোধন করেন তিনি। এদিন এই মেলা থেকেই ৭৫ হাজার নাগরিকের হাতে চাকরির নিয়োগপত্র (appointment letter) তুলে দেন প্রধানমন্ত্রী (Prime Minister)। দেশের নানান রাজ্যের চাকরিপ্রার্থীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন তিনি।
দেশের কর্মসংস্থান নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদী সরকারকে। এদিন রোজগার মেলাতে সেই সমালোচকদের জবাব দিয়ে নরেন্দ্র মোদী বলেন, “এ কথা সত্য যে বিশ্বের অধিকাংশ বড় অর্থনৈতিক দেশই এই মুহূর্তে মুদ্রাস্ফীতি, বেকারত্বের সমস্যায় জর্জরিত। বিগত ১০০ বছর ধর চলে আসা এই সমস্যাগুলি ১০০ দিনে মেটানো সম্ভব নয়। তবে বর্তমানে ভারত বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ। এর কারণ অবশ্যই শেষ আট বছরে নেওয়ার একাধিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ। আমাদের কর্মযোগীদের অবদানের জন্যই সরকারের বেশিরভাগ দফতরগুলিতে সংস্কার সম্ভব হয়েছে। দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে”।
উল্লেখ্য, এই রোজগার মেলার অংশ হিসেবে এদিন ৫০ জন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যগুলির নাগরিকদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। গোটা দেশজুড়ে ২০ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মন্ত্রীরা। জয়পুরে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভোপালে নিয়োগপত্র তুলে দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। চণ্ডীগড়ে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, কেন্দ্রের ৩৮টি মন্ত্রক ও নানান বিভাগে এই ৭৫ হাজার চাকরিপ্রার্থী যোগদান করবে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডি নানান স্তরেই যোগ দিতে পারেন এই চাকরিপ্রার্থীরা। জানা যাচ্ছে, ‘মিশন মুড’এ এই নিয়োগের কাজ হবে যাতে প্রার্থীরা দ্রুত চাকরি পান।
সূত্রের খবর, সেন্ট্রাল আর্মড ফোর্সেস পার্সোনেল, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টেনো, PA, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, MTS ইত্যাদি পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন মন্ত্রকগুলি তাদের নিজস্ব অথবা UPSC, SSC, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মতো নিয়োগ সংস্থার মাধ্যমে নিয়োগ করছে।






