রাসমনি-নিবেদিতার পর এবার শচীন-লতা! ‘’শচীন-লতার মতো মমতাকেও ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন’, ভরা সভায় বললেন রাজ

তৃণমূলের বিজয়া সম্মিলনীতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) সঙ্গে তুলনা করলেন তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। গতকাল, শুক্রবার বনগাঁর খেলাঘর ময়দানে এই মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে বেশ সমালোচনা শুরু হয়েছে বিরোধী মহলে। তাদের দাবী, দলনেত্রীকে খুশি করার চেষ্টা চলছে।

কয়েকমাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই নাকি মা সারদার পুনর্জন্ম। আবার অন্যদিকে বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস মমতাকে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছিলেন। এবার রাজ চক্রবর্তী মমতার তুলনা টানলেন শচীন-লতার সঙ্গে।

এদিন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে রাজ বলেন, “শচীন তেণ্ডুলকর, লতা মঙ্গেশকরকে ঈশ্বর যেমন পৃথিবীতে পাঠিয়েছেন কোনও একটা কাজ করার জন্য। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য। তাঁকে সম্মান করা উচিত”।

তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “তৃণমূল নেতারা এখন চাটুকারিতা করতে মুনিঋষিদের নিয়ে টানাটানি শুরু করেছে। উনি করেছেনটা কী? বামেরা যে শ্মশান রেখে গেছিল উনি তার অবস্থা আরও খারাপ করেছেন”।

এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মানুষদের হাসির খোরাক হওয়াটাই এখন তৃণমূল নেতাদের বড় কাজ হয়ে দাঁড়িয়েছে”।

RELATED Articles