নোটের উপরে মহাত্মা গান্ধীর পরিবর্তে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপানো হোক। এমনই দাবী তোলা হল হিন্দু মহাসভার তরফে। যদিও এমন দাবী আগেও অনেকবার তোলা হয়েছে। এবার সেই বিতর্ক ফের উস্কে দিয়ে হিন্দু মহাসভার তরফে দাবী তোলা হল, “স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বিশাল; যা মহাত্মা গান্ধীর তুলনায় কোন অংশে কম নয়। তাই এবার টাকায় নেতাজির ছবি দেওয়ার সময় এসে গিয়েছে”। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে অখিল ভারত হিন্দু মহাসভার এমন মন্তব্য নতুন কোনও ঘটনা নয়। এর আগেও এমন নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময় অসুরের জায়গায় মহাত্মা গান্ধীর আদলে মূর্তি বানানো হয়। তা নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়। নানান রাজনৈতিক দলের বিরোধিতা ও প্রশাসনের কারণে সেই মূর্তি বদলানো হয় পরবর্তীতে।
পরবর্তী ক্ষেত্রে হিন্দু মহাসভার সভাপতি (বাংলা শাখা) চন্দ্রচুড় গোস্বামী বলেন, “গান্ধীকেই প্রকৃত অসুর বলে মানি আমরা। তিনি হলেন আসল অসুর। সেই জন্যই মূর্তিটি ওঁনার আদলে গড়ে তোলা হয়েছিল”।
এবার বিতর্ক উস্কে দিয়ে চন্দ্রচূড়বাবু দাবী করলেন, “দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা কিন্তু কোন অংশে কম নয়। তাই আমরা চাই, ওঁনাকে সম্মান জানানোর জন্য গান্ধীজীর পরিবর্তে টাকায় নেতাজির ছবি দেওয়া হোক”।
হিন্দু মহাসভার এমন দাবীর বিরোধিতা করা হয়েছে তৃণমূল ও কংগ্রেসের তরফে। তৃণমূলের দাবী, “বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলি গোটা দেশের মধ্যে বিভাজনের পরিবেশ তৈরি করতে তৎপর। সেই কারণেই এহেন বিতর্কিত মন্তব্য করা হয়ে চলেছে”।
অন্যদিকে, এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “গান্ধীজিকে হত্যার জন্য কারা দায়ী ছিল, সেটা সকলের জানা। বর্তমানে ওঁর আদর্শ এবং নীতিকে অবহেলা করার চেষ্টা করা হয়ে চলেছে। টাকায় গান্ধীজীর পরিবর্তে নেতাজির ছবি ব্যবহার তারই প্রচেষ্টা। এর উত্তর বিজেপি এবং আরএসএসকে দিতে হবে”।





