অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পচা ডিম। আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়ল শিশুরা। প্রবল ক্ষোভ অভিভাবকদের মধ্যে। তাদের দাবী, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিনের পর দিন নিম্নমানের খাবার দেওয়া হয়। অভিভাবকরা ডিম ছুঁড়ে ফেলে দিয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনায় অঙ্গনওয়াড়ির তৎপরতা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম-পূর্ব রাড়িয়াল বুথের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
গতকাল, শুক্রবার শিশুরা অসুস্থ হয়ে যাওয়ার পরই খাবারের মান যাচাই করতে ছুটে যান অভিভাবকেরা। পচা ডিম ফেলে আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। সিডিপিওর কানে খবর পৌঁছতেই অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মী লিলা দাসের বিরুদ্ধে।
পচা ডিম দেওয়ার কথা স্বীকারও করেছেন লীলা দাস। এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনির উপর সমস্ত দায় চাপান তিনি। তাঁর কথায়, রান্না করার সময় যখন বোঝা গিয়েছিল যে ডিমগুলি পচা, তাহলে রান্না বন্ধ করে দেওয়া উচিত ছিল। পেটি ভর্তি ডিম পচা ছিল বলে জানান তিনি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বরাবরই নিম্নমানের খাবার দেওয়া হয়। কিছু মাস আগেই ওই কেন্দ্রের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও কাঁচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি। ওই কেন্দ্র থেকে দুর্গন্ধযুক্ত পচা ডিম দেওয়া হয় যা মুখে তোলা যায় না বলেই অভিযোগ স্থানীয়দের।
এই বিষয়ে তৃণমূল ব্লক সভাপতি মানিক দাস বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব বিষয়েই তৎপর। নিজে নজর রাখেন সবদিকে। আইসিডিএস নিয়েও তৎপর তিনি। তা সত্ত্বেও কী ভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে”।






