‘প্রভাবশালী’ তত্ত্বেই সিলমোহর আদালতের! জামিন পেলেন না কেষ্ট, আরও ১৪ দিন অনুব্রতকে কাটাতে হবে জেলেই

আজ, শনিবার ছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিনের মামলা। কিন্তু এদিনও আদালত থেকে খালি হাতেই ফিরতে হল অনুব্রতকে। জামিন (bail) পেলেন না তিনি। আজ আদালত তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। অনুব্রতর আইনজীবীর জামিনের তত্ত্ব ধোপেই টিকল না। সিবিআইয়ের (CBI) ‘প্রভাবশালী’ তত্ত্বেই সিলমোহর দিল আদালত। ফের অনুব্রতর ঠিকানা সেই জেলই।

এদিন আদালতে সওয়াল জবাব পর্বের একেবার শুরুতেই অনুব্রত মণ্ডলের আইনজীবী জামিনের পক্ষে জোরাল সওয়াল করেন। তবে তা ধোপে টিকল না। এদিন আসানসোল সিবিআই বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানতে চান, অনুব্রত মণ্ডলের এই গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করতে সিবিআইয়ের আর কতদিন লাগবে। সূত্রের খবর, সেখানে জানানো হয়েছে আরও দু’মাস সময় লাগবে।

সাধারণত কোনও তদন্তকারী সংস্থা যদি জানায় যে তাদের  তদন্ত করতে আরও কিছুটা সময় লাগবে, তাহলে দেখা যায় আদালতের কাছে কিছুটা বাড়তি সময় পায় তদন্তকারী সংস্থা। তদন্ত যাতে মাঝপথে আটকে না যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত।

বলে রাখি, গত ১১ই আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করে বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডলকে। এরপর তদন্তে অনুব্রতর নামের একাধিক সম্পত্তি হদিশ মেলে। তাঁর নানান চালকলেও তল্লাশি চালিয়েছে সিবিআই।

অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও একাধিক সংস্থা ও বেনামী সম্পত্তির খোঁজ পায় সিবিআই। সুকন্যাকে জেরার জন্য সিবিআই তলব করলেও সেই জেরা এড়িয়ে গিয়েছেন কেষ্ট-কন্যা।

RELATED Articles