‘একবার আমাকে ছুঁয়ে যান, শুভেন্দু অধিকারী কোলে বসিয়ে রাখবে’, শুভেন্দুর গড়ে চা চক্রে যোগ দিয়ে বিরোধী দলনেতাকে চাঁচাছোলা আক্রমণ কুণালের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে চা চক্রে যোগ দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখান থেকে শুভেন্দুকে বেশ কড়া ভাষাতেই আক্রমণ শানালেন তিনি। কুণালের কথায়, শুভেন্দু অনেক বিজেপি (BJP) কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই সমস্ত বিজেপি কর্মীদের উদ্দেশে এদিন কুণাল বলেন, “একবার আমাকে ছুঁয়ে যান, শুভেন্দু অধিকারী কোলে বসিয়ে রাখবে আপনাদের”।

সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছেড়েছিলেন জয়দেব দাস, বটকৃষ্ণ দাস-সহ ৩৪ জন নেতা। এর মধ্যে জয়দেব-সহ ৩৩ জন তৃণমূলের যোগ দিয়েছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, শুভেন্দু বটকৃষ্ণের সঙ্গে এতদিন দুর্ব্যবহার করেছেন। এখন তাঁকেই হাতে পায়ে ধরে আটকে রেখেছেন তিনি। তাঁকে নন্দীগ্রামে আনার চেষ্টা চলছে।

এরপরই কুণালবাবু বলেন, “বিজেপি কর্মীরা যারা শুভেন্দুর সঙ্গে দেখা করতে পারছেন না, যাদের সঙ্গেও খারাপ ব্যবহার করছে, তাঁরা এসে একবার আমাকে ছুঁয়ে যান, তাহলে দেখবেন আপনাকে পায়ে-হাতে ধরে, জুতো পালিশ করছে। কোলে বসিয়ে রাখবে শুভেন্দুরা”।

তাঁর আরও সংযোজন, “এতদিন দলের ৮০ শতাংশ পদ জুড়ে বসেছিলেন আপনি ও আপনার পরিবার, তারপর দলের সঙ্গে বেইমানি করেছেন। এখন তো শুনতেই হবে সেইসব কথা”।

আজ, বুধবার সকালে কাঁথি দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারে চা চক্রে যোগ দেন কুণাল ঘোষ। এই চা চক্রে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি ও স্থানীয় নেতৃত্বরা। যোগ দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও। এদিন চা চক্র থেকে জনসংযোগ নিয়ে দলীয় কর্মীদের বার্তা দেন কুণাল। বলেন, “দলের তরফে বড় মঞ্চ বেঁধে সভা করা হচ্ছে। আপনারা মানুষের পাশে থাকুন। চা-চক্র, গ্রামসভা করে মানুষের অভাব অভিযোগ শুনুন। রাজ্য সরকারের উন্নয়নের কথা তাঁদের কাছে পৌঁছে দিন”।

সম্প্রতি, শুভেন্দুর গড়ে দলের তরফে নতুন দায়িত্ব পেয়েছেন কুণাল। তাঁর কথায়, “এখানকার নেতারা ভালো কাজ করছেন। আমি শুধু সময় দিতে এসেছি। তাঁদের সহযোগিতা করতে এসেছি। নেতা হতে আসিনি”। সবমিলিয়ে এদিন শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে ফের একবার বিজেপিকে বেশ শাসানি দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

আরও অন্যান্য খবর