এর আগেও তিনি বারবার আক্রমণ শানিয়ছেন তাঁকে। এবার তাঁকে মানসিক রোগী বলে দাগলেন। বললেন তাঁর নাকি মানসিক অবস্থার (mental condition) ঠিক নেই। এমন কড়া ভাষাতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুভেন্দুর মনোরোগ বিশেষজ্ঞের প্রয়োজন বলে জানান অভিষেক।
বিগত বেশ কয়েকদিন ধরেই শুভেন্দু ও তৃণমূলের মধ্যে জোর তরজা মাথাচাড়া দিয়েছে। শুভেন্দুকে প্রথমে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মানসিকভাবে অসুস্থ বলে কটাক্ষ করেন। তাঁর সুস্থতার কামনা করে তৃণমূলের তরফে বার্তা পাঠানো হবে বলেও জানান কুণাল। এরপরই দেখা যায় গত সোমবার শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূল কর্মীরা ‘গেট ওয়েল সুন’ প্ল্যাকার্ড হাতে পৌঁছে যান। তা নিয়ে বেশ উত্তপ্ত হয় পরিস্থিতি।
আর এবার ডায়মন্ড হারবারের এক প্রশাসনিক কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের সামনে শুভেন্দুকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল কর্মীরা যখন শুভেন্দুর সুস্থতা কামনা করে কোনও মেসেজ পাঠান, তখন শুভেন্দুকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেন।
অভিষেকের কথায়, মঙ্গলবার বিকেলে শুভেন্দু দাবী করলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অপমান করেন নি। এর কিছু ঘণ্টা পরই তিনি মমতার নামে কুকথা বলেন। অভিষেক এই প্রসঙ্গে বলেন, “মনোরোগ বিশেষজ্ঞ দরকার। যে মানুষটা সকালে এক কথা বলছেন, বিকেলে এক কথা বলছেন, রাতে এক কথা বলছেন, তাঁকে আপনি কী বলবেন”? অভিষেক আরও বলেন, “ওঁ আতঙ্কে ভুগছেন। ওঁ চান না আমি ঘর থেকে বেরোই। চান, আমি চুপ করে বসে থাকি”।
এদিন বেশ ঝাঁঝালো ভাষাতেই শুভেন্দুকে আক্রমণ শানান অভিষেক। শুধু তাই-ই নয়, এদিন অভিষেক এও অভিযোগ তোলেন যে কয়লা মাফিয়ার সঙ্গে অভিষেকের যোগ রয়েছে।






