ফের বাড়ল বিপদ। আরও সংকটজনক অবস্থায় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এবার ভেন্টিলেশনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আজ, বুধবার সকাল ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তাঁর অবস্থা বেশ সংকটজনক।
গত সোমবার ফেসবুকে সব্যসাচী চৌধুরী লিখেছিলেন, “কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন”। আর এরপরই উৎকণ্ঠা বাড়ে। যে সব্যসাচী বারবার ঐন্দ্রিলার লড়াইয়ের কথা লিখতেন, ভুয়ো খবর ছড়িয়ে পড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতেন, সেই সব্যসাচীই এবার প্রার্থনার কথা লিখছেন। তাহলে কি ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল? এমন প্রশ্ন জাগে অনেকের মনে।
অনুগামীরা তো বটেই, টলি দুনিয়ার নানান ব্যক্তিত্ব যেমন পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে শ্রীলেখা মিত্র, বিদীপ্তা চক্রবর্তী সকলেই প্রার্থনা করেছেন ঐন্দ্রিলার জন্য। কিন্তু অভিনেত্রীর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বলেই খবর।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন ঐন্দ্রিলা। মাঝে একবার শোনা গিয়েছিল যে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। কিন্তু পরে সব্যসাচীর পোস্টের মাধ্যমেই জানা যায় যে ঐন্দ্রিলাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।
চলতি সপ্তাহের শুরু থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতির খবর মিলতে থাকে। সংক্রমণ কমছিল না অভিনেত্রীর। বারবার জ্বর আসছিল তাঁর। তাতেই চিকিৎসকদের চিন্তা বাড়ে। এমন পরিস্থিতিতে বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। শোনা গিয়েছে, সিপিআর দেওয়া হচ্ছে তাঁকে।





