অ্যারেস্ট মেমোতে সই-ই করলেন না অনুব্রত, ইডির আধিকারিকরা দিল্লি ছুটলেন ওয়ারেন্ট আনতে

গতকাল, বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) সিবিআইয়ের (CBI) হাতে ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেফতার করে ইডি। আজ, শুক্রবার তাঁকে আসানসোলের সিবিআই আদালতে তোলার কথা ছিল। কিন্তু ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, অনুব্রত অ্যারেস্ট মেমোতে (arrest memo) সই করেন নি। আর সেই কারণে আসানসোল আদালতে নয়, সোজা দিল্লির পথে রওনা দিলেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের সূত্রে খবর, দিল্লির ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে দিল্লি নিয়ে আসা হবে।

ইডি সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার অনুব্রতকে আসানসোল সংশোধনাগারে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদ যেসমস্ত তথ্য উঠে এসেছে, তার রিপোর্ট আজ, শুক্রবার দিল্লির আদালতে পৌঁছে জমা দেবেন তদন্তকারীরা।

সূত্রের দাবী, সেই তথ্যের ভিত্তিতেই দিল্লি আদালতের বিচারকের কাছে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন করা হবে। আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষই যাতে অনুব্রতকে দিল্লি পৌঁছে দেন, সেই আবেদনও করবেন ইডির আইনজীবী। অর্থাৎ দিল্লির আদালতে অনুব্রতকে হাজির করানোর ওয়ারেন্ট (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি করার আবেদন করা হবে।

আইনি বিশেষজ্ঞদের মতে, দিল্লির আদালতের তরফে অনুব্রতর নামে ওয়ারেন্ট জারি করাও হতে পারে, আবার আসানসোলের আদালতে শুনানির নির্দেশও দেওয়া হতে পারে। সবটাই এখন সময়সাপেক্ষ।

তবে অনুব্রত যদি অ্যারেস্ট মেমোতে সই করে দিতেন, তাহলে সেই নথি আসানসোলের আদালতে জমা দিয়ে ইডি আধিকারিকরা অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারতেন। কিন্তু তা হয়নি। সেই কারণে ওয়ারেন্ট আনতে ইডি আধিকারিকদের দিল্লি যেতে হল। সম্প্রতি, এই একই প্রক্রিয়ায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকেও আসানসোল জেল থেকে দিল্লি নিয়ে যায় ইডি।

RELATED Articles