বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি। আজ, শনিবার বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে মিঠুনের গাড়িতে। তবে তিনি সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে। তবে তাঁর গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিন বাঁকুড়ায় কর্মসূচি শেষ করে আসানসোল যাচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। নিরাপত্তার কারণেই মিঠুনের গাড়ির আগে ও পরে একাধিক গাড়ি ছিল। বিষ্ণুপুর ছাড়ার পরই একটি তিন মাথার মোড়ে আচমকাই মিঠুনের কনভয়ের সামনে চলে আসে একটি সাইকেল। সেই সাইকেলটিকে বাঁচাতে গিয়েই ব্রেক কষে কনভয়ের একেবারে সামনে থাকা গাড়িটি।
এর জেরে ওই গাড়ির পিছনে থাকা মিঠুনের গাড়ি গিয়ে ধাক্কা মারে সামনের গাড়িতে। একই সময় মিঠুনের গাড়ির পিছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়িও ধাক্কা মারে মিঠুনের গাড়িতে। তবে মিঠুন ও গাড়ির আরোহীরা সুরক্ষিতই রয়েছেন বলে জানা গিয়েছে। তবে মিঠুনের গাড়ির সামনের অংশ খুলে ঝুলতে থাকে।
বলে রাখি, পঞ্চায়েত নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন শক্ত করতে গেরুয়া শিবিরের তরফে বাংলায় পাঠানো হয়েছে মিঠুন চক্রবর্তীকে। পাঁচদিনের জেলা সফরে এসেছেন মহাগুরু। আজ ছিল তাঁর সফরের চতুর্থ দিন। এদিন বাঁকুড়ায় কর্মসূচি ছিল তাঁর। আগামীকাল, রবিবার রয়েছে হাই ভোল্টেজ সভা। এদিন অনুব্রত মণ্ডলের গড়ে অর্থাৎ বোলপুরে সভা করবেন মিঠুন চক্রবর্তী।





