আর তৃণমূলের ৫০০ টাকা নয়, বিজেপি ক্ষমতায় এলে মিলবে ২০০০ টাকা, প্রতিশ্রুতি দিলেন সুকান্ত মজুমদার

এর আগেও রাজ্যের সরকারি প্রকল্প নিয়ে নিন্দা করেছে বিজেপি। এবার সেই প্রকল্পকে হাতিয়ার করেই পঞ্চায়েত ভোটের জমি তৈরি করছে গেরুয়া শিবির। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে আর ৫০০ নয়, বরং ২০০০ টাকা দেবে বিজেপি। মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে গতকালের এক সভায় এমনই প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

গতকাল, শনিবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কলোনিতে বিজেপির পঞ্চায়েত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী ও বিজেপির প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন সম্মেলনে সুকান্তবাবু বলেন, “বিধায়ক বলছেন হাত কেটে নেবে। কে হাত কাটবে দেখব। জেলের ভিতরে ঠাঁই হবে। ভয় পাবেন না। বিজেপির সরকার গঠন হবে। কয়লা ও বালি চোরেরা জেলের ভিতরে থাকবে”। তিনি আরও বলেন, “বিজেপি আসলে লক্ষীর ভাণ্ডারে পাঁচশো টাকার বদলে দুই হাজার টাকা দেওয়া হবে”।

মহাগুরুর উপস্থিতিতে এদিনের বিজেপির দলীয় কর্মীসভা যেন আমজনতার সভায় পরিণত হয়। উপস্থিত সকলের উদ্দেশে মিঠুন বলেন, “থ্যালাসেমিয়ার জন্যে লড়াই করেছি। গলি গলি ঘুরেছি। এখানে আপনার ভেতরে থাকা দুঃখ, কষ্ট শুনতে এসেছি”।

এরপরই সভায় উপস্থিত মানুষের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দেন মিঠুন চক্রবর্তী। কখনও ভাই, তো কখনও আবার দাদার মতো পাশে দাঁড়িয়ে পরামর্শ দেন সকলকে। জেলা সভাপতিদের নির্দেশ দেন এই বিষয়টি ভালোভাবে দেখার জন্য।

এদিন স্থানীয় এক মহিলা মিঠুনকে তাঁর অসহায়তার কথা জানালে তাঁকে প্রতিশ্রুতি দেন মিঠুন। ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে এদিন মিঠুন বলেন, “এটা পার্ট অফ দ্য গেম। কারোর কিছু না থাকলে হিংসা দেখায়। তৃণমূলের কাছে কিছুই দেওয়ার নেই”।

RELATED Articles