গতকাল, শনিবার কাঁথিতে (Contai) ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাইভোল্টেজ সভা। এদিন সভায় যাওয়ার পথে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেন তিনি। সেই ঘটনা নিয়েই এবার অভিষেক বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
গতকাল কাঁথিতে সভা করতে যাওয়ার পথে গ্রামের রাস্তায় গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। এরপর গ্রামের মেঠো পথ ধরে গ্রামের ভিতর ঢুকে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। জনতার সঙ্গে মিশে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে সকলের অভিযোগের কথা শোনেন অভিষেক। সভামঞ্চে উঠে এই কথোপকথনের প্রসঙ্গ তোলেন অভিষেক।
তিনি বলেন, “আমি কাউকে না বলে একটা গ্রামে গেলাম। গ্রামের ভিতরে গিয়ে দেখলাম অনেকগুলো তফশিলি জাতি, উপজাতিভুক্ত পরিবারের সদস্যরা সেখানে থাকেন। বলছে বৃষ্টি হলে এক কোমর জল জমে এলাকায়। প্রধান, উপপ্রধানকে জানিয়ে কোনও লাভ হয়নি। বললাম রেশনের চাল পাচ্ছেন? বললেন, চাল পাচ্ছি। জল পাচ্ছি না। কমপক্ষে ১০টি বাড়িতে গেলাম। কী করুণ অবস্থা। তাঁরা এমন কিছু তো চাইছে না, যা তাঁদের চাওয়ার অধিকার নেই। বললাম যাঁরা লাল আলো লাগানো গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়ায় তাঁদের বলেননি কেন? ওঁরা বললেন, তাঁরা কখনও আমাদের দিকে মুখ তুলে তাকায়নি। আপনিও একমাত্র এখানে আসলেন”।
এই মন্তব্য নিয়ে আজ রবিবাসরীয় সকালে তৃণমূল সাংসদকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “বারো বছর পর মনে হল, ওই মানুষগুলো কিছু পাননি। এতদিন পর মনে হল ওদের সমস্যা রয়েছে”। মেদিনীপুরের সাংসদ আরও বলেন, “এখন আর ওদের কাছে গিয়ে কোনও লাভ নেই”।
দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পাল্টা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তিনি বলেন, “নরেন্দ্র মোদী যখন কারও বাড়ি যান, তখন কি মনে হয় যে ভগবান এসেছেন জনসংযোগে? অভিষেককে কাছে পেয়ে মানুষ প্রতিকার চেয়েছে। অভিষেক পদক্ষেপ নিচ্ছেন। এটা এত কথার কিছু নেই”।





