ফের প্রাথমিকে চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, শুক্রবার ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন তিনি। আর এরই সঙ্গে একজনকে ১০ হাজার টাকার জরিমানার নির্দেশও দিলেন বিচারপতি।
এর আগে প্রাথমিকে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে সুপ্রিম কোর্ট তখন ওই ২৬৯ জনের চাকরি বাতিলের উপর তখন স্থগিতাদেশ দিয়েছিল।
শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছিল যে আগে এই ২৬৯ জনের বক্তব্য শুনতে হবে হাইকোর্টকে। যাদের চাকরি বাতিল করা হয়েছে, তাদেরই হলফনামা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই হলফনামায় ২৬৯ জনকে জানাতে হবে যে তাঁরা বৈধ ভাবে চাকরি পেয়েছেন।
সেই অনুযায়ী, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক। হলফনামা জমা দেন তারা। আজ, শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে ৫৪ জন হলফনামা জমা দেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৩ জন। আসেননি একজন। হাইকোর্ট হলফনামার বক্তব্য খতিয়ে দেখে ওই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। আর যিনি এদিন অনুপস্থিত ছিলেন, তাঁকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।






