নতুন ইতিহাস গড়লেন টিভি সারানোর মিস্ত্রির মেয়ে! দেশের প্রথম মুসলিম মহিলা হিসেবে ফাইটার পাইলট হলেন উত্তরপ্রদেশের সানিয়া

দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন উত্তরপ্রদেশের কন্যা সানিয়া মির্জা। সরকারি স্কুলে পড়াশোনা করে নিজের স্বপ্নের উড়ান নেবেন টিভি সারানোর মিস্ত্রির মেয়ে। ফাইটার পাইলট হওয়ার পরীক্ষায় পাশ করে নজির গড়লেন সানিয়া। আগামী ২৭শে ডিসেম্বর থেকেই নিজের স্বপ্নের কাজে যোগ দেবেন তিনি। মহিলা পাইলট হওয়ার জন্য মাত্র দু’টি আসনই ছিল। এর মধ্যে একটিতে যোগ দেবেন সানিয়া।

সানিয়া মির্জা, উত্তরপ্রদেশের জসোভার গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই যুদ্ধবিমান ওড়ানোর স্বপ্ন ছিল তাঁর। গ্রামের সরকারি স্কুলেই ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন সানিয়া। সরকারি হিন্দি মিডিয়াম স্কুল থেকেই মাধ্যমিক স্তরের পাঠ শেষ করেন তিনি।

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যের মধ্যে সেরা হন সানিয়া। এরপরই নিজের ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু হয় উত্তরপ্রদেশের কন্যার। সেঞ্চুরিয়ন ডিফেন্স অ্যাকাডেমিতে গিয়ে সেনায় যোগদানের প্রশিক্ষণ শুরু করেন সানিয়া। 

তবে সাফল্যের সিঁড়িটা মোটেই মসৃণ ছিল না তাঁর। পথ চলতে গিয়ে  অনেক বাধার সম্মুখীন হন তিনি। ন্যাশানাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় প্রথমবার পাশ করতে পারেন নি সানিয়া। তবে দ্বিতীয়বারের চেষ্টায় আসে সাফল্য। ফাইটার পাইলট হওয়ার স্বপ্নপূরণ হয় তাঁর।

এনডিএ পরীক্ষায় পাশ করে সানিয়া বলেন, “শুধু ইংরাজি মিডিয়ামে পড়াশোনা করলেই যে স্বপ্নপূরণ হয়, এমনটা নয়। হিন্দি মিডিয়ামে পড়েও ইচ্ছাশক্তির উপর ভর করে সব বাধা পেরনো যায়”।

মেয়ের এত বড় সাফল্যে স্বাভাবিকভাবেই বেশ খুশি ও গর্বিত সানিয়ার মা-বাবা। তাঁর মা বলেন, “আমাদের গর্বিত করেছে মেয়ে। গ্রামের সকল মেয়েকে অনুপ্রেরণা যোগাচ্ছে ওর এই সাফল্য”। সানিয়ার বাবার কথায়, “দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট অবনী চতুর্বেদীকে নিজের আদর্শ মেনে এগিয়েছে”। সানিয়ার পরিবারের আশা, গ্রামের মেয়ের এমন সাফল্যের পর অন্যান্যরাও অবশ্যই এগিয়ে আসবে।

RELATED Articles