নেতাজির জন্মজয়ন্তীতে বড় চমক! ১০০ আর্ট পেপারে ২৫ ফুটের নেতাজির ছবি এঁকে তাক লাগাল দশম শ্রেণীর ছাত্র

আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী। গোটা দেশ এদিন শ্রদ্ধা জানাচ্ছে দেশনায়ককে। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে এবার তাঁর ২৫ ফুটের একটি ছবি এঁকে সকলকে তাক লাগিয়ে দিল আসানসোল মহিশীলা কলোনির এক স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

জানা গিয়েছে, ১০০টি আর্ট পেপার জুড়ে ২৫ ফুট বাই ১৮ ফুটের একটি নেতাজির ছবি এঁকেছে ওই পড়ুয়া। সেই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় শুরু হয়েছে। রেকর্ডের জন্য এই ছবিটি ইতিমধ্যেই নানান সংস্থার কাছে পাঠিয়েছে অপূর্ব। পড়ুয়ার কথায়, তার আঁকাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড স্বীকৃতি দিয়েছে। এই ছবি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনার অন্ত নেই। জানা গিয়েছে, শুধু আঁকাই নয়, নানান শিল্পকর্মের সঙ্গেও যুক্ত অপূর্ব।

বিশালাকার ওই নেতাজির ছবি ঘিরে ওই স্কুল তো বটেই এলাকাতেও উৎসাহ ছড়িয়েছে। এত বড় একটা ছবি আঁকা কীভাবে সম্ভব হল? অপূর্ব দত্তের কথায়, স্কুলের হলঘরে এই ছবিটি আঁকা হয়েছে। মোট পাঁচ দিন সময় লেগেছে এই ছবিটি আঁকতে।

অপূর্বর জানায় যে স্কুলের বন্ধুরা তাকে রং করতে সাহায্য করেছে। স্কুলের মাস্টারমশাইরাও অপূর্ব এই শিল্পকর্ম দেখে খুব খুশি। অপূর্ব জানায় নেতাজি নামটার সঙ্গেই মনের ভেতর গভীর একটা আবেগ কাজ করে তার। আর সেই আবেগ থেকেই এই ছবিটি এঁকেছে।

এ নিয়ে অপূর্ব বলে, “নেতাজি এমন এক ব্যক্তি, যাঁর নাম শুনলেই রক্ত গরম হয়। আমি আসানসোলবাসীকে নেতাজির ছবি উপহার দিতে চেয়েছিলাম। এ বছর মাধ্যমিক দেব। তবে এই ছবি আঁকার দিনগুলিতে পড়াশোনা করা হয়নি। এই ছবি আঁকতে ২ দিন, রং করতে ৩ দিন লেগেছে। মোট ৫ দিন লেগেছে। এই ছবি আঁকতে পেরে আমি খুব খুশি”। অপূর্বর এই সৃষ্টিতে তার স্কুলের শিক্ষকরাও খুবই গর্বিত।

RELATED Articles