‘রতন টাটার বিপক্ষে ছিলাম না। আমরাও চাই শিল্প হোক কিন্তু সেটা কৃষিজমিতে নয়’। গতকাল, বুধবার শিল্প নিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শিল্প নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
ব্যবসার সংজ্ঞা এখন বদলাচ্ছে। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ নয়, মৌলিক পরিকল্পনার উপর ভিত্তি করেই অসংখ্য যুবকের কর্মসংস্থান করছে ‘স্টার্ট আপ বিজনেস’। এমনই ১০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতিরা নিজেদের নতুন ব্যবসার ঝুলি নিয়ে হাজির হয়েছেন বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপোত।
গতকাল, বুধবার ছিল এই শিল্পমেলার উদ্বোধন। এদিন বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো ২০২৩-এর উদ্বোধনে হাজির ছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিল্প মন্ত্রী শশী পাঁজা, দমকল মন্ত্রী সুজিত বসু, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে।
এদিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে এই মুহূর্তে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এক নম্বরে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিদের ঋণ দিচ্ছেন। ৯০ লক্ষ ক্ষুদ্র মাঝারি শিল্প বাংলায় ১ কোটি ৩০ লক্ষ লোকের কর্মসংস্থান করেছে।
অন্যদিকে, এদিন মেয়র ফিরহাদ হাকিম আফসোসের সুরেই বলেন যে নতুন প্রজন্ম ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসছে না। এদিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, “ব্যবসায়ী পরিবারের ছেলেরা আর ব্যবসায় আসছে না”। তারা পড়াশোনা করে বিদেশে গিয়ে কর্পোরেট সংস্থায় কাজ করছে। মন্ত্রীর কথায়, “যার বুকের ছাতি চওড়া সেই ব্যবসা করতে আসে”।
এই বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপোতে ৭৫ জনেরও বেশি বিনিয়োগকারী রয়েছেন। রয়েছে ৩০০টি স্টল। ২৫শে জানুয়ারি থেকে আগামী ২৯শে জানুয়ারি পর্যন্ত এই শিল্পমেলা চলবে। বাংলার নানান কলেজের প্রায় ৩০০ ছাত্রের কর্মসংস্থান হবে এই মেলায়।





