এবার পকেটে বেশ চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের। আমূল ব্র্যান্ডের দুধের দাম বাড়ল লিটার প্রতি ৩ টাকা করে। আজ, শুক্রবার গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে এই দুধের দাম বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। গুজরাত ছাড়া বাকি প্রায় সব রাজ্যেই বেড়েছে আমূল দুধের দাম।
আজ থেকেই নতুন দামে আমূল দুধ কিনতে হবে ক্রেতাদের। দাম বৃদ্ধির ফলে এবার ৫০০ মিলিলিটার আমূল তাজার দাম হল ২৭ টাকা। ৫০০ মিলিলিটার আমূল কাউ মিল্কের দাম হল ২৮ টাকা ও ৫০০ মিলিলিটার আমূল বাফেলো মিল্কের দাম বেড়ে দাঁড়াল ৩৫ টাকাতে।
আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান যে গুজরাতে আমূল দুধের দাম বৃদ্ধি হচ্ছে না। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, “গুজরাট ছাড়া দিল্লি, মুম্বই ও কলকাতার বাজারে আমরা প্রতি লিটার দুধের দাম বাড়িয়েছে ৩ টাকা। এখনও পর্যন্ত গুজরাটে দুধের দাম বাড়ানো হয়নি”। GCMMF-র মুম্বইয়ের অফিসের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ, শুক্রবার সকাল থেকেই এই নয়া দাম প্রযোজ্য় হয়েছে।
আমূল দুধের এই দামবৃদ্ধির জেরে এখন এক লিটার আমূল তাজা দুধের দাম গিয়ে দাঁড়াল ৫৪ টাকায়। এক লিটার আমূল গোল্ডের দাম হল ৬৬ টাকা ও এক লিটার কাউ মিল্কের প্যাকেটের দাম হল ৫৬ টাকা। আর আমূল এ২ বাফেলো মিল্কের প্যাকেটের দাম বেড়ে দাঁড়াল ৭০ টাকাতে।
বলে রাখি, এর আগেও আমূল পরপর দুধের দাম বাড়িয়েছে। তবে তা শুধুমাত্র দিল্লি-এনসিআর এলাকাতেই সীমাবদ্ধ ছিল। এর আগে দিওয়ালিতে গুজরাত ছাড়া প্রায় সমস্ত রাজ্যেই আমূল গোল্ড, আমূল তাজা, আমূল শক্তির দাম বাড়ানো হয়েছিল লিটার প্রতি ২ টাকা করে। এবার কলকাতাতে বাড়ানো হল দুধের দাম।






