নবম-দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের রেট ২০ লক্ষ টাকা, নিয়োগ দুর্নীতির তদন্তে চাঞ্চল্যকর তথ্য ইডির, কোন প্রভাবশালীর কাছে যেত এই টাকা?

নবম-দশম শ্রেণীতে নিয়োগের জন্য ২০ লক্ষ টাকা করে নেওয়া হত চাকরিপ্রার্থীদের থেকে। আবার একাদশ-দ্বাদশ বা শিক্ষা দফতরের গ্রুপ সি বা গ্রুপ ডি-তে চাকরির জন্য ছিল আলাদা আলাদা রেট। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডি-র তদন্তে। নিয়োগ দুর্নীতিতে চক্রীদের তৈরি এই ‘রেট চার্ট’ দেখে কার্যত হতবাক ইডি।

অন্যদিকে আবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে সাড়ে ৬ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা কতজনকে দেওয়া হয়েছে, সেই তালিকাও ইডির হাতে এসে পৌঁছেছে বলে খবর। বেশ কিছু প্রভাবশালীদের নাম রয়েছে ওই তালিকায়।

টেট দুর্নীতিতে নাম জড়িয়েছে কুন্তল ঘোষ, তাপস মণ্ডলদের। ইডি সূত্রে খবর, তার সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার যে লেনদেনের হিসাব মিলেছে, সেই বিপুল পরিমাণ টাকা আপার প্রাইমারি, নবম-দশম, একাদশ-দ্বাদশ ও স্কুলের গ্রুপ সি ও ডি-র চাকরিপ্রার্থীদের কাছ থেকে তোলা হয়েছে। ইডি-র হাতে যে হিসাব এসেছে, সেই অনুযায়ী –

  • টেট পরীক্ষার্থীদের কাছ থেকে পাঁচ থেকে সাত লক্ষ টাকা করে তোলা হয়েছিল।
  • এসএসসির নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের জন‌্য নানান জেলা থেকে ২০ লক্ষ টাকা করে তোলা হয়।
  • সাব এজেন্টরা টাকা কখনও বা অনলাইন, আবার কখনও বা নগদে নিয়েছিলেন।
  • এই বিপুল পরিমাণ টাকা এসে পৌঁছয় কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, গোপাল দলপতি বা প্রসন্ন রায়ের মতো বড়মাপের এজেন্টদের কাছে।
  • অভিযোগ, আপার প্রাইমারির জন‌্য নিয়োগ দুর্নীতি চক্রের মাথা ও এজেন্টরা ১০ থেকে ১২ বা কখনও সুযোগ বুঝে ১৫ লক্ষ টাকা করে নিয়েছিল।

ইডি সূত্রে খবর অনুযায়ী, শুধু নবম-দশমই নয়, একাদশ-দ্বাদশ শ্রেণীতে চাকরির জন্যও ২০ থেকে ২৫ লক্ষ করে টাকা নেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের থেকে। অনেক প্রার্থীই এমন ছিলেন যারা হয়ত একসঙ্গে পুরো টাকা দিতে পারেন নি এজেন্টদের। সেক্ষেত্রে দফায় দফায় টাকা নেওয়া হয়েছে বলেও দাবী ইডি-র।

এক চাকরিপ্রার্থীর থেকে একথা শুনে অন্য চাকরিপ্রার্থীরাও এগিয়ে আসেন। আর এই সমস্ত এজেন্টদের মাধ্যমে সেই বিপুল পরিমাণ টাকা পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের কাছে। ওই রেটের বিষয়ে চাকরিপ্রার্থীদের জানিয়ে দেওয়া হত। কতজন বিশিষ্ট ব্যক্তির কাছে শেষ পর্যন্ত ওই টাকা গিয়েছিল, তা নিয়ে তদন্ত করছে ইডি।

RELATED Articles