টাকার পাহাড় যেন রাজ্যের চারিদিকে! গড়িয়াহাটের পর এবার পার্ক স্ট্রীট থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা, আটক ১

ফের কলকাতা থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা। এবার জায়গা পার্ক স্ট্রীট। আজ, সোমবার বিকেলে পার্ক স্ট্রীটের রাস্তায় একটি গাড়ি দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি শুরু করে। গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই গাড়ির ডিকি থেকেই উদ্ধার হয় টাকার পাহাড়।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অভিযান চালায় কলকাতা পুলিশ। রাজেশ কাসেরা নামে ৪৯ বছর বয়সি এক ব্যক্তির গাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার করা হয় টাকা। কিন্তু কী উদ্দেশে বা কোথা থেকে এই টাকা আনা হচ্ছিল সে বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি ওই ব্যক্তি। তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের ওই গাড়ি থেকে ইতিমধ্যে ৫০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এর মধ্যে অধিকাংশই ৫০০ টাকার নোটের বান্ডিল। একটি ২ হাজার টাকার তোড়াও ছিল। রাজেশ আগরওয়াল কোনও নগদের জন্য় কোনও বৈধ নথিও দেখাতে পারেননি বলে জানা গিয়েছে। তার বক্তব্যে অসঙ্গতি থাকায় এবং বৈধ নথি না দেখাতে পারায় আটক করা হয়েছে ওই ব্যক্তিকে।

এই ঘটনায় নিউ আলিপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। আটক করা হয়েছে গাড়িতে থাকা ব্যক্তি রাজেশ আগরওয়াল ও গাড়িটিকে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে টাকার হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এর সঙ্গে হাওয়ালার কোনও যোগ রয়েছে কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বলে রাখি, বিগত বেশ কয়েকদিন ধরে শহরের নানান প্রান্ত থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হচ্ছে। গত ৯ই ফেব্রুয়ারি সন্ধ্যেয় গড়িয়াহাট এলাকায় তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ১ কোটি টাকা উদ্ধার করে এসটিএফ ও গোয়েন্দা বিভাগ।  এই ঘটনায় ২ জনকে আটক করেছিল পুলিশ। এই ঘটনার ঠিক ২৪ ঘণ্টা আগে, কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে বালিগঞ্জের একটি বেসরকারি অফিসে রাতভর তল্লাশি চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই এবার ফের কলকাতা থেকে উদ্ধার বিপুল টাকা।

RELATED Articles