‘একবার গণভোট করে দেখুন না ওখানকার মানুষ কী চায়’, বিধানসভায় তৃণমূল বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনতেই বললেন বিজেপি বিধায়ক

আজ, সোমবার বিধানসভায় (West Bengal Assembly) বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব এনেছে তৃণমূল (TMC)। তা নিয়ে আলোচনা করতে গিয়েই এবার ফের একবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Vishnu Prasad Sharma)।

বিজেপি বিধায়ক এদিন বলেন, “নির্বাচন কমিশনকে দিয়ে ওখানে ভোট করিয়ে দেখুন। দেখবেন ওখানকার মানুষ কী চান”। এর মাঝে আবার তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, “আব বামগুলো এখন রাম হয়েছে”।

তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যের পরই বিধানসভা জুড়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। এর পাল্টা আবার তৃণমূল বিধায়করা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। তবে এদিন বিজেপি কী বলে, সেদিকে নজর ছিল সকলের। বিশেষ করে বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা কী বলেন, তা জানতেও উৎসুক ছিলেন অনেকেই।

কিছুদিন আগেই রাজ্যভাগ হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিষ্ণুপ্রসাদ। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বলেছিলেন, “আমি বাংলায় থাকতে চাই না”। তা নিয়ে বেশ বিতর্ক দানা বাঁধে। তাঁর সেই বিতর্কে এদিন বিধানসভায় তিনি নিজেই অক্সিজেন দিলেন বলে মত ওয়াকিবহাল মহলের।

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই জন বার্লা, সৌমিত্র খাঁ-সহ অনেক বিজেপি নেতারাই বঙ্গভঙ্গের দাবী তুলতে থাকেন। মাঝে তা বন্ধ থাকলেও কিছুদিন আগেই বিষ্ণুপ্রসাদ সেই প্রসঙ্গ নতুন করে উস্কে দেন। যদিও বিজেপি দলগতভাবে বঙ্গভঙ্গের বিরুদ্ধেই। এর আগে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা তেমনটাই জানিয়েছেন। তগবে এদিন বিধানসভায় বিষ্ণুপ্রসাদ যখন একথা বলছিলেন, সেই সময় কিন্তু কোনও বিজেপি নেতাই কোনও বিরোধিতা করেন নি।

অন্যদিকে, শাসক দলের তরফে বারবার বঙ্গভঙ্গের বিরুদ্ধেই কথা বলা হয়েছে। কিছু আগেও কোচবিহারের মাথাভাঙায় জনসভায় গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গের বিরোধিতা করে সুর চড়িয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “যে বা যারা বাংলা ভাগের কথা উচ্চারণ করবে তাদের বাড়িতে লক করে দিন”।

RELATED Articles