দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে থাকার পর তা যদি ভেঙে যায়, তাহলে কোনও মহিলার পক্ষে একা থাকা খুবই কঠিন হয়ে পড়ে। একটি মামলার পর্যবেক্ষণে এমনটাই জানাল এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের কথায়, ভারতীয় সমাজের একটা বড় অংশ এখনও লিভ-ইন সম্পর্ক মেনে নেয় না।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে সহবাস করেছেন এক যুবক। কিন্তু পরে আর বিয়েতে রাজি হন নি তিনি। এর জেরে প্রেমিকের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে অভিযোগ জানান ওই মহিলা। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই যুবককে।
সেই মামলার শুনানিতেই এমন পর্যবেক্ষণ করে এলাহাবাদ হাইকোর্ট। এই মামলায় অভিযুক্তের জামিন মঞ্জুর করা হয়েছে। এই মামলায় বিচারক জানান এই ধরণের ঘটনায় কোনও মহিলার আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।
জানা গিয়েছে, অভিযুক্তর সঙ্গে লিভ-ইন সম্পর্ক শুরুর আগেই অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ওই মহিলার। সেই বিয়ে থেকে দুটি সন্তানও রয়েছে মহিলার। তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে এক বছরেরও বেশি সময় ধরে প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন মহিলা। অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন তিনি, এমনটাও অভিযোগ।
এরপর বিয়ের কথা বললে মহিলাকে বিয়ে করতে রাজি হননি তার লিভ-ইন পার্টনার। শুধু তাই নয়, মহিলা এও দাবী করেন যে তাঁর সঙ্গে প্রেমিকের ব্যক্তিগত ছবি তাঁর প্রাক্তন স্বামীকে পাঠিয়েছে অভিযুক্ত প্রেমিক। এরপরই প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তিনি। ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
সমস্ত সাক্ষ্যপ্রমাণ দেখার পর হাইকোর্ট ওই অভিযুক্তের জামিন মঞ্জুর করে। কিন্তু হাইকোর্টের এই পর্যবেক্ষণে আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় সমাজ এখনও কোথায় দাঁড়িয়ে!






