সৌমিত্র এখন অতীত! বিবাহবিচ্ছেদের একমাস হতে না হতেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন তৃণমূলের সুজাতা, পাত্রটি কে?

গত ১৬ই জানুয়ারি বিবাহবিচ্ছেদের মামলা (divorce case) শেষ হয়েছে তাদের। এর কয়েকদিন পরই এসে পৌঁছেছে আইনি কাগজও। সেই কাগজ হাতে পাওয়ার কিছুদিন না গড়াতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন তৃণমূল নেত্রী তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র (Saumitra Khan) প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল (Sujata Mandal)। অন্তত তাঁর ফেসবুক পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে।

আজ, মঙ্গলবার ফেসবুক থেকে একটি ভিডিও পোস্ট করেন সুজাতা। সেখানে তাঁকে দেখা গেল কনের সাজে। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় বাংলাদেশি গান, “তুই আমার জীবন, তুই ছাড়া মরণ”। এই ভিডিওকে ঘিরেই শুরু হয় জল্পনা। এই ঘটনা প্রসঙ্গে জানতে এক সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় সুজাতার সঙ্গে।

প্রশ্ন করা হএ সুজাতা জানান যে তিনি বিয়ে করছেন। এও বলেন, “এখন অবশ্য এর বেশি কিছু বলব না”। কিন্তু পাত্রটি কে? এর প্রশ্নের উত্তরে সুজাতা জানিয়েছেন, “একটু অপেক্ষা করুন না। আর কয়েকটা দিন পরেই সব জানিয়ে দেব। তবে এটা নিশ্চিত থাকুন, তিনি কোনও রাজনীতিক নন”। ফেসবুকে পোস্ট করা ভিডিও কী তবে প্রাকবিবাহ শুটিংয়ের অংশ? সুজাতা জানিয়েছেন, “ওই রকমই কিছু”।

বলে রাখি, সৌমিত্র ও সুজাতার দাম্পত্যে ফাটল ধরে ২০২১-এর শুরুর দিকে। বরাবর একই শিবিরের হয়ে লড়াই করে এসেছেন দু’জন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। এরপরই সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা বলেন সৌমিত্র খাঁ। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর স্ত্রীকে দু’বার আইনি নোটিস পাঠিয়েছিলেন সৌমিত্র। তবে এতে বিশেষ সাড়া দেননি সুজাতা। পরবর্তীতে শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের জন্য সৌমিত্রকে বেশ কয়েকটি শর্ত দিয়েছিলেন সুজাতা। তা মেনে নেন নি বিজেপি সাংসদ। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। 

সেই মামলা চলতে চলতেই সম্পর্কের আরও অবনতি হয় দু’জনের। সুজাতা সৌমিত্রের বিরুদ্ধে ‘রাসলীলা’ চালানোর অভিযোগও তোলেন। তাঁর স্বামীর সঙ্গে এক বিবাহিতা মহিলার সম্পর্ক রয়েছে বলেও দাবী করেছিলেন সুজাতা। তবে সেই প্রসঙ্গ তিনি ভুলতে চান বলেই জানিয়েছেন সুজাতা। আপাতত বিয়ে নিয়ে বেশ ব্যস্ত সুজাতা। তিনি কাকে বিয়ে করছেন, কবে, কোথায়, কী ভাবে সেই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হল, সেসব আপাতত রহস্যই রাখতে চাইছেন সুজাতা।

RELATED Articles