নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য এখন উত্তাল। শিক্ষাক্ষেত্রে লাগামছাড়া দুর্নীতির ঘটনা সামনে আসছে। কলকাতা হাইকোর্টে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি নিয়ে মামলা চলছে। এবার ফের একবার হাইকোর্টের সতর্কতার মুখে স্কুল সার্ভিস কমিশন। এবার গ্রুপ ডি-তে কর্মী নিয়োগ নিয়ে ফের কমিশনকে সতর্ক করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের নিয়ে সতর্ক করেন তিনি।
উত্তরপত্র বিকৃতির জেরে কিছুদিন আগেই গ্রুপ ডি-র ১,৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু চাকরি বাতিলই নয়, ওই কর্মীদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
কিন্তু এর জেরে প্রশ্ন ওঠে যে তা হলে সেই শূন্য জায়গায় কারা কাজ করবেন। কারণ প্রত্যেক স্কুলে এই গ্রুপ ডি কর্মীদের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ। ঘণ্টা বাজানো থেকে শুরু করে ফাইল আনা, সব কাজ তারাই করেন। সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, সেখান থেকে কর্মী নিয়োগ করা যেতে পারে।
যদিও হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের বিচারপতি সুব্রত হালদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন জানান চাকরিহারারা। সেখানে স্থগিতাদেশ জারি করা হয়েছে। গ্রুপ ডি-র চাকরিহারারা আবার এরপর হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। কিন্তু সেখানেও মামলার কোনও নিষ্পত্তি হয়নি।
এসবের মাঝেই এবার শূন্য পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে ফের একবার সতর্ক করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ওয়েটিং লিস্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। আজ, মঙ্গলবার এসএসসি-কে সতর্ক করে বিচারপতি বসু বলেন, “গ্রুপ ডি কর্মী নিয়োগের ওয়েটিং লিস্ট রয়েছে, তা গঙ্গাজলের মতো স্বচ্ছ নয়। এটা মনে রাখতে হবে। নিয়োগের সময় এসএসসিকে আরও সতর্ক থাকতে হবে”।





