রোখা যাচ্ছে না শিশুমৃত্যু! দোলের আনন্দ উৎসবের দিনই প্রাণ হারাল ৩ খুদে, রাজ্যে বেড়েই চলেছে অ্যাডিনোভাইরাস-নিউমোনিয়ার দাপট

একে তো অ্যাডিনো ভাইরাস তার উপর আবার রয়েছে নিউমোনিয়ার দাপটও। এর জেরে শিশু মৃত্যু ক্রমেই বাড়ছে রাজ্যে। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করা হলেও শিশু মৃত্যু যেন রোখা যাচ্ছে না। দোলের উৎসবের মধ্যেও প্রাণ হারাল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই ও বি সি রায় হাসপাতালের এক শিশু। কেন রোখা যাচ্ছে না শিশু মৃত্যু, তা খতিয়ে দেখার জন্য বি সি রায় হাসপাতালে যান শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা।

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত শিশুদের বয়স ৬ মাস। দুই শিশুর মধ্যে একজন হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা। গত ২৬ ফেব্রুয়ারি কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয় তাকে। তাতেও শেষরক্ষা হয়নি। গতকাল, মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ মৃত্যু হয় তার।

মৃত শিশুদের মধ্যে আরেকজন হুগলির মগরার বাসিন্দা। প্রথমে তাকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭শে ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ওই শিশুর। এরপরই তাকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

কিন্তু তাও বাঁচানো সম্ভব হল না তাকে। রাত দেড়টা নাগাদ মৃত্যু হয় ওই শিশুর। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালই নয়, এর পাশাপাশি শিশু মৃত্যুর সংখ্যা বেড়েছে বি সি রায় হাসপাতালেও। বনগাঁর বাসিন্দার বছরখানেকের এক শিশুর মৃত্যু হয়েছে সেখানে।  

জানা গিয়েছে, মৃত ওই তিন শিশুর জ্বর, সর্দি, কাশি হয়েছিল। শ্বাসকষ্টও ছিল তাদের। পরিবারের দাবী, শিশুরা অ্যাডিনো ভাইরাসের আক্রান্ত ছিল। একের পর এক শিশু মৃত্যু কেন হচ্ছে, তা খতিয়ে দেখার জন্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা যান বি সি রায় হাসপাতালে।

আরও অন্যান্য খবর