স্মার্টফোন কিনলেই পেয়ে যাবেন দুটি ফ্রি বিয়ারের ক্যান। গ্রাহক টানতে এমনই অফার দিলেন এক দোকানদার। এমন অফার যে কোনও সুরাপ্রেমীকে আকর্ষণ করবে, তা বলাই বাহুল্য। কিন্তু এই অফার দেওয়ার কারণে শেষমেশ আইনি গেরোয় পড়লেন দোকানদার।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ভাদোহির এক দোকানদার রাজেশ মৌর্য নিজের দোকানে স্মার্টফোন বিক্রি বাড়ানোর জন্য আকর্ষণীয় অফার দেন। দোকানের সামনে পোস্টারে বড় বড় করে তিনি লিখে দেন যে একটি স্মার্টফোন কিনলেই বিনামূল্যে পাওয়া যাবে দুটি বিয়ারের ক্যান।
ব্যস, এই অফার দেখেই মন খুশি হয়ে যায় সুরাপ্রেমীদের। দোকানের সামনে লম্বা লাইন লেগে যায় স্মার্টফোন কেনার জন্য। এতে দোকানদার লাভের মুখ দেখলেও পরবর্তীতে পড়ে যান বিপাকে। এমন লোকজনের আনাগোনার জন্য এলাকার শান্তি নষ্ট করার অভিযোগ ওঠে। এর জেরে গত সোমবার পুলিশ গ্রেফতার করে ওই দোকানদারকে। দোকানটি সিল করা হয়েছে বলেও জানা গিয়েছে।
কোতওয়ালি থানার স্টেশন হাউস অফিসার অজয় কুমার শেঠ জানান চৌরি রোডে একটি মোবাইলের দোকান রয়েছে রাজেশ মৌর্যর। বিক্রি বাড়ানোর জন্যই স্মার্টফোনের সঙ্গে বিনামূল্যে বিয়ার দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এর জন্য একাধিক জায়গায় পোস্টার লাগান, প্যামফ্লেটস বিলি করেন।
তাতে লেখা ছিল ৩ থেকে ৭ মার্চের মধ্যে কেউ যদি অ্যান্ড্রয়েড ফোন কেনেন, তাহলে ফোনের সঙ্গে বিনামূল্যে দুটি বিয়ারের ক্যান দেওয়া হবে তাদের। এর ফলে গত কয়েকদিন ধরে রাজেশের দোকানে ছিল উপচে পড়া ভিড়। সেই পরিস্থিতি সামলাতে সেখানে যেতে হয় পুলিশকে।
সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারায় এলাকায় শান্তি বিঘ্নিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দোকানদার রাজেশ শর্মাকে। তাঁর দোকানটিও সিল করে দেওয়া হয়েছে। পুলিশের এমন আইনি পদক্ষেপের জেরে যে এলাকার সুরাপ্রেমীদের বেশ মন খারাপ হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।






