বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল নৈহাটির পুরপ্রধানের ছেলের বিরুদ্ধে। এর জেরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী। জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে নদিয়া জুটমিলের কাছে তৃণমূল ও বিজেপি মধ্যে বাঁধে অশান্তি। তৃণমূলের দাবী, পুরপ্রধানের ছেলেকে গালিগালাজ করেন বিজেপি কর্মী। প্রতিবাদ করলে সেই ঝামেলা সংঘর্ষের চেহারা ধারণ করে।
স্থানীয় সূত্রে খবর, বিজেপি কর্মী সৌমেন সরকারকে গুরুতর আহত অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। নৈহাটি পুরসভার চেয়ারম্যানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়ের হাতেও আঘাত লেগেছে। তাঁকেও প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। অভিযোগ, তাঁর বাইক ভেঙে দেওয়া হয়েছে। বিজেপি অভিযোগ, পুরপ্রধানের ছেলেই এদিন দলবল নিয়ে হামলা চালায়।
তবে পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, “অভিজিৎরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিল। সেই সময় এই বিজেপির কয়েকজন গালিগালাজ করে অভিজিৎকে মারধর করে”।
তৃণমূল ও বিজেপই, দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গতকাল বিজেপি কর্মী সৌমেন সরকারকে মারধর করার কারণে পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। আজ, বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।






